
বছরের শুরুটা দারুণ হলেও বারবার ফাইনালে হোঁচট খেতে হয়েছে আরিনা সাবালেঙ্কাকে। অস্ট্রেলিয়ান ওপেন ও ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে হারের কষ্ট সঙ্গী করেছিলেন বেলারুশের এই তারকা। তবে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটালেন তিনি বছরের শেষ গ্র্যান্ড স্লামে।
শনিবার (৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে অনুষ্ঠিত ইউএস ওপেন নারী এককের ফাইনালে যুক্তরাষ্ট্রের আমান্দা আনিসিমোভাকে ৬-৩, ৭-৬ (৭-৩) গেমে হারিয়ে শিরোপা ঘরে তোলেন সাবালেঙ্কা।
শীর্ষ বাছাই হিসেবে টুর্নামেন্ট শুরু করে ধারাবাহিক পারফরম্যান্সে এগিয়ে যান সাবালেঙ্কা। দ্বিতীয় সেটে কিছুটা চাপে পড়লেও টাইব্রেকারে ঘুরে দাঁড়িয়ে জয় নিশ্চিত করেন তিনি। এ জয় সাবালেঙ্কার ক্যারিয়ারের চতুর্থ গ্র্যান্ড স্লাম এবং টানা দ্বিতীয় ইউএস ওপেন শিরোপা।
শিরোপা জয়ের পর সাবালেঙ্কা বলেন, অস্ট্রেলিয়ান ও ফ্রেঞ্চ ওপেন ফাইনালে আমি আবেগ নিয়ন্ত্রণ করতে পারিনি। এবারও কিছু মুহূর্তে তা হওয়ার উপক্রম হয়েছিল, তবে আমি শান্ত থাকতে পেরেছি এবং সেটাই পার্থক্য গড়ে দিয়েছে।
অন্যদিকে ফাইনালে হার মানতে হয় যুক্তরাষ্ট্রের ২৪ বছর বয়সি আমান্দা আনিসিমোভাকে। এ বছর সাবালেঙ্কার মতো তিনিও দুটি ফাইনালে হেরেছেন। উইম্বলডনেও ট্রফি হাতছাড়া করেন তিনি। ফলে প্রথম গ্র্যান্ড স্লামের জন্য এখনও অপেক্ষায় আনিসিমোভা। সাবালেঙ্কা এখন বছরের শেষ গ্র্যান্ড স্লামের রানী। আর আনিসিমোভা খুঁজছেন সাফল্যের প্রথম স্বাদ।
আরটিভি/এসকে/এস




