
সাউদাম্পটনের এজিয়াস বোল আজ সাক্ষী হলো ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানের জয়ের। দক্ষিণ আফ্রিকাকে মাত্র ৭২ রানে অলআউট করে ৩৪২ রানের রেকর্ড গড়া জয় পেয়েছে ইংল্যান্ড।
রোববার (৭ সেপ্টেম্বর) সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ব্যাট হাতে দাপুটে সূচনা করে ইংল্যান্ড। ওপেনার জেমি স্মিথের ৬২ ও বেন ডাকেটের ৩১ রানের ইনিংসে গড়ে ওঠে দ্রুত জুটি। এরপর দায়িত্ব নেন জো রুট ও জ্যাকব বেথেল। দুজন মিলে তৃতীয় উইকেটে যোগ করেন ১৮২ রান। বেথেল ৮২ বলে প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি (১১০) করেন, রুট খেলেন ক্যারিয়ারের ১৯তম ওয়ানডে সেঞ্চুরি। শেষদিকে ঝড় তোলেন অধিনায়ক জস বাটলার মাত্র ২৭ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন। ফলে নির্ধারিত ৫০ ওভারে ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ৪১৪ রান।

জবাবে রান তাড়া করতে মাঠে নেমে শুরুতেই ধসে পড়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপ। জোফ্রা আর্চারের আগুনঝরা গতিতে মাত্র ৭ রানের মধ্যেই সাজঘরে ফেরেন শীর্ষ চার ব্যাটার। আর্চার শেষ করেন ৪ ওভারে ১৮ রান খরচায় ৪ উইকেট নিয়ে। স্পিনে হানা দেন আদিল রশিদ, তুলে নেন ৩ উইকেট। সহায়তা করেন ব্রাইডন কার্স।
প্রোটিয়ারা আর ঘুরে দাঁড়াতে পারেনি। করবিন বশের ২০ ও কেশব মহারাজের ১৭ ছাড়া আর কেউই উল্লেখযোগ্য সংগ্রহ গড়তে পারেননি। শেষ পর্যন্ত ২১ ওভারে মাত্র ৭২ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা।

যদিও সিরিজটি এর আগে দক্ষিণ আফ্রিকার দখলে গিয়েছিল, শেষ ম্যাচে পাওয়া এই জয়ই ইতিহাস লিখল ইংল্যান্ডের জন্য। ওয়ানডে ক্রিকেটে সর্বকালের সর্বোচ্চ ৩৪২ রানের ব্যবধানের জয় এখন তাদের দখলে।
আরটিভি/এসকে/এস




