
ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মন্থর গতির বোলিংয়ের কারণে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল আইসিসির শাস্তির মুখে পড়েছে। সিরিজের এই ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম বোলিং করার জন্য দক্ষিণ আফ্রিকাকে ম্যাচ ফি’র ৫ শতাংশ জরিমানা করা হয়েছে।
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। আইসিসি জানিয়েছে, নির্ধারিত সময়ে ইনিংস শেষ করতে ব্যর্থ হওয়ায় দক্ষিণ আফ্রিকা আচরণবিধির ২.২২ ধারার লঙ্ঘন করেছে। এই ধারায় বলা আছে, প্রতিটি ওভার নির্ধারিত সময়ের মধ্যে না শেষ হলে ফিল্ডিং দলকে প্রতি ওভারের জন্য ৫ শতাংশ জরিমানা করা হবে।
দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা অপরাধ স্বীকার করেছেন এবং ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথের দেয়া শাস্তি মেনে নিয়েছেন। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
ম্যাচে ইংল্যান্ড ৪১৪ রানের বিশাল সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকার সামনে বিশাল লক্ষ্য দাঁড় করায়। জবাবে সফরকারী দল মাত্র ৭২ রানে অলআউট হয়ে যায়। ইংল্যান্ড ৩৪২ রানে জয়লাভ করে, যা ওয়ানডে ইতিহাসে রান বিবেচনায় অন্যতম বড় জয়। তবে সিরিজটি শেষ হয় দক্ষিণ আফ্রিকার ২-১ ব্যবধানে জয় দিয়ে।
আরটিভি/এসকে




