
ফুটবল দুনিয়ায় নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে লিওনেল মেসি। তবে মাঠের পারফরম্যান্স নয়, এবার রাজনৈতিক ভূমিকায় আলোচনায় উঠেছেন আর্জেন্টাইন মহাতারকা। স্পেনের কাতালুনিয়ার সংবাদমাধ্যম কাদেনা এসইএআর দাবি করেছে, আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া বার্সেলোনা প্রেসিডেন্ট নির্বাচনে মেসির নাম ঘিরে তোলপাড় শুরু হয়েছে।
খবরে বলা হয়েছে, বার্সেলোনার বর্তমান প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তার প্রতিদ্বন্দ্বী শিবিরগুলো ইতোমধ্যে মেসির সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে। বার্সেলোনার ইতিহাসে দীর্ঘতম সময় ধরে সভাপতি থাকা লাপোর্তা চতুর্থ মেয়াদে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন। তবে পরিস্থিতি পুরোপুরি তার পক্ষে নয়।
২০২১ সালে মেসিকে দলে রাখার প্রতিশ্রুতি দিলেও শেষ পর্যন্ত আর্থিক সংকটের কারণে সেই চুক্তি কার্যকর করতে ব্যর্থ হন লাপোর্তা। এরপর মেসি পিএসজিতে যোগ দেন। বিষয়টি নিয়ে প্রকাশ্যে তেমন কিছু না বললেও অনেক সমর্থকই এটিকে ‘বিশ্বাসঘাতকতা’ হিসেবে দেখেছেন।
এমন প্রেক্ষাপটে, বার্সার সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় মেসির সরাসরি সমর্থন একজন প্রেসিডেন্ট প্রার্থীর জন্য নির্ণায়ক ভূমিকা রাখতে পারে। যদি তিনি ভিক্টর ফন্ট বা জোয়ান কামপ্রুবির মতো প্রার্থীর পাশে দাঁড়ান, তবে নির্বাচনের ফলাফলে তা বড় ধরনের প্রভাব ফেলবে বলেই ধারণা করা হচ্ছে।
তবে মেসি সত্যিই প্রকাশ্যে কোনো প্রার্থীকে সমর্থন দেবেন কি না, তা এখনো স্পষ্ট নয়। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিতে খেলছেন। তবুও ক্যাম্প ন্যুতে তার প্রভাব যে এখনো অটুট, তা অস্বীকার করার উপায় নেই।
আরটিভি/এসকে




