
ছাত্র-জনতার আন্দোলনে নেপালে সরকারের পতনের পর সৃষ্টি হয়েছে জটিল পরিস্থিতি। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক বিমান চলাচলে। কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকায় দেশে ফেরায় অনিশ্চয়তায় পড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান জানিয়েছেন, এখনও এয়ারপোর্ট বন্ধ রয়েছে। দূতাবাস আমাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। সরকার থেকেও দ্রুত সময়ে ফেরানোর চেষ্টা চলছে। বাফুফে সভাপতি বিষয়টি সার্বক্ষণিক তদারকি করছেন।
তিনি আরও জানান, বিশেষ বিমানে ফেরানোর বিষয়ে উদ্যোগ নেওয়া হলেও ইমিগ্রেশন ও প্রয়োজনীয় অনুমতি ছাড়া সেটা সম্ভব নয়। সন্ধ্যা ৬টা পর্যন্ত বিমানবন্দর বন্ধ রাখার সিদ্ধান্ত থাকলেও পরিস্থিতি অনুযায়ী সময় বাড়ানো হতে পারে।
এদিকে সাবেক জাতীয় ফুটবলার ও বাফুফে নির্বাহী সদস্য ইকবাল হোসেন, যিনি কাঠমান্ডুতে অবস্থান করছেন, বলেন,গতকাল পরিস্থিতি ভয়াবহ ছিল। রাস্তায় আন্দোলন, জ্বালাও-পোড়াও হয়েছে। আজ সকালে পরিবেশ কিছুটা শান্ত হলেও শহর থমথমে, দোকানপাট, অফিস, আদালত সব বন্ধ। সেনাবাহিনী কড়া নজরদারি চালাচ্ছে।
বাংলাদেশ দল হোটেলে নিরাপদে অবস্থান করছে। খেলোয়াড়রা আজ হোটেলের জিমেই অনুশীলন করেছেন। সবাই সুস্থ ও স্বাভাবিক থাকলেও ফেরার অনিশ্চয়তায় কিছুটা দুশ্চিন্তায় আছেন।
এদিকে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল আজ রাতে ভিয়েতনাম থেকে ঢাকায় পৌঁছাবে। ভিয়েতনাম থেকে সরাসরি ইংল্যান্ডে গেছেন তানিল সালিক, ফাহমিদুল ফিরবেন ইতালি। আমেরিকান প্রবাসী জায়ান আহমেদ দলের সঙ্গে ঢাকায় ফিরবেন।বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ভাগ্য এখন নির্ভর করছে কাঠমান্ডুর বিমানবন্দর কবে চালু হয় সেই সিদ্ধান্তের ওপর।
আরটিভি/এসকে




