
টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ জয় করে এশিয়া কাপের মঞ্চে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। শ্রীলঙ্কা, পাকিস্তান ও নেদারল্যান্ডসকে হারিয়ে লিটন দাসের নেতৃত্বাধীন টাইগাররা আত্মবিশ্বাসে ভরপুর। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের এশিয়া কাপ অভিযান।
এশিয়ার আট জাতির এই আসরে ‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। টুর্নামেন্ট শুরুর আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল টাইগারদের জন্য বিশেষ পরামর্শ দিয়েছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) বিসিবির রান স্কোরিং কর্মশালায় অংশ নিয়ে তিনি জানান, রানিং বিটুইন দ্য উইকেট এবং ফিল্ডিংয়ের মানই জয়-পরাজয়ের মূল ফারাক গড়ে দেবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে বুলবুল বলেন, এই ফরম্যাটের খেলায় ব্যাটিং-বোলিং প্রায় একই রকম হয়। পার্থক্য গড়ে দেবে রানিং বিটুইন দ্য উইকেট ও ফিল্ডিং। যদি আমরা রানিংয়ে ১৫ রান বেশি করতে পারি কিংবা ফিল্ডিংয়ে ১০ রান বাঁচাতে পারি, তবে এই ২৫ রানই ম্যাচের ফলাফল নির্ধারণ করবে।
প্রথম ম্যাচেই আফগানিস্তান হংকংকে সহজে হারিয়েছে। ১৮৮ রান করার পর তারা প্রতিপক্ষকে শতকের নিচে গুটিয়ে দেয়। বাংলাদেশের তৃতীয় ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। এই ম্যাচ নিয়ে বুলবুল বলেন, ওদের ভেন্যুই আরব আমিরাত। কিছুদিন আবুধাবি ছিল, এখন শারজাহ। তাই হোম অ্যাডভান্টেজ পাবে। তবুও আমাদের খেলোয়াড়দের স্কিল সেট অনেক ভালো। তারা সর্বস্ব উজাড় করে খেললে অবশ্যই ভালো ফল করবে, ইনশাআল্লাহ্।
শেষে বাংলাদেশ দলের এশিয়া কাপে সাফল্যের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বিসিবি সভাপতি যোগ করেন, আমি বিশ্বাস করি আমাদের অনেক দূর যাওয়ার সম্ভাবনা আছে। যদিও এই ফরম্যাটে আগাম কিছু বলা কঠিন, তবে আমি এই দলের ওপর ভীষণ আত্মবিশ্বাসী। ১১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে টাইগারদের এশিয়া কাপ মিশন।
আরটিভি/এসকে




