
পরাজয় দিয়ে এবারে ক্যারিবীয় প্রিমিয়ার লিগ (সিপিএল) শুরু করেছিল অ্যান্টিগা ও বারবুডা ফ্যালকন্স। তবে ঘুরে দাঁড়িয়ে গ্রুপ পর্বের ১০ ম্যাচে ৫টি জয় তুলে নিয়েছে সাকিবের দল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে ৪ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো প্লে-অফের টিকিট পেয়েছে অ্যান্টিগা।
বৃহস্পতিবার (১১ আগস্ট) আগে ব্যাট করতে রেমে মাত্র ৯৯ রানেই গুটিয়ে যায় গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। জবাব দিতে নেমে ৫ বল এবং ৪ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় অ্যান্টিগা।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি অ্যান্টিগার। দলীয় ৩ রানেই প্রিটোরিয়াসের বলে বোল্ড আন্দ্রেস গুস (১)। ৯ বলে ১৩ করে বিদায় নেন কেভিন উইকহ্যাম। মাঝে ইমরান তাহির ও মঈন আলির ঘূর্ণিতে অল্প সময়ের ব্যবধানে করিমা গোর (০), সাকিব (১) ও শামার স্প্রিংগার (২) আউট হয়ে অ্যান্টিগার হারের শঙ্কা বাড়িয়ে তোলেন।
মাত্র ৩৬ রানেই ৫ উইকেট হারিয়ে বসে সাকিবের দল। তবে একপ্রান্ত আগলে ছিলেন ওপেনার আমির জাঙ্গু। অধিনায়ক ইমাদ ওয়াসিম ও ফ্যাবিয়ান অ্যালেনের সঙ্গে ছোট দুটি জুটিতে হারের শঙ্কা দূর করেন ক্যারিবীয় এই ব্যাটার।
৫৭ বলে পিচ উপযোগী এবং ম্যাচ জিততে কার্যকরী ৩ চার ও ২ ছক্কায় ৫১ রান করেন। এ ছাড়া ইমাদ ১৬ ও অ্যালেন ১৫ রান করলে ৫ বল ৪ উইকেট হাতে রেখে অ্যান্টিগার জয় নিশ্চিত হয়।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৩.৪ ওভারে ১৫ রান তুলতেই তারা ওপেনার মঈন আলিকে (১৫ বলে ১০) হারায়। এরপর ২৬ রানের মাথায় পরপর আউট বেন ম্যাকডারমট (১৫ বলে ১৪) ও শিমরন হেটমায়ার (০)।
ম্যাচে গায়ানার বড় জুটি বলতে ২৪ রান, যা হয়েছে দলটির পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ ২৬ রান করা শাই হোপের কল্যাণে। ১৪ বলে তিনি ৩ চার ও এক ছক্কার বাউন্ডারি খেলেন। এ ছাড়া শেষদিকে কোয়েন্টিন স্যাম্পসন ১৯ ও ডোয়াইন প্রিটোরিয়াস ১২ রান করলে ১৮.১ ওভারে মাত্র ৯৯ রানেই থামে গায়ানার ইনিংস।
অ্যান্টিগার হয়ে জেইডেন সিলস সর্বোচ্চ ৪ ও উসামা মির ৩ উইকেট শিকার করেছেন। এ ছাড়াও ১ উইকেট নিয়েছেন সাকিব।
লিগপর্বের ১০ ম্যাচ শেষে ৫ জয় ও ৪ হারে ১১ পয়েন্ট পেয়েছে অ্যান্টিগা। বর্তমানে তাদের অবস্থান তৃতীয়। ৯ ম্যাচে সমান ১২ পয়েন্ট শীর্ষ দুইয়ে আছে যথাক্রমে সেন্ট লুসিয়া কিংস ও ত্রিনবাগো নাইট রাইডার্স।
আরটিভি/এসআর




