
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলতে গিয়ে দুঃস্বপ্নের অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের দুই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার ও দলের এক কর্মকর্তা। বার্বাডোজে বন্দুকধারীর হামলার শিকার হলেও সৌভাগ্যক্রমে কেউ আহত হননি।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ৯ সেপ্টেম্বর স্থানীয় সময় রাত ৩টার দিকে বার্বাডোজের সেন্ট মাইকেলের ফন্টাবেলে এলাকায় একটি খাবারের দোকানে এ ঘটনা ঘটে। ব্যক্তিগত অনুষ্ঠানের পর ফেরার পথে খাবার কেনার জন্য থামলে হঠাৎ এক সশস্ত্র ব্যক্তি তাদের ওপর হামলা চালায়।
হামলার সময় আতঙ্কে সবাই দৌড় দিলে একজন পড়ে যান এবং হামলাকারীর সঙ্গে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে ক্রিকেটারের গলা থেকে চেইন ছিঁড়ে নেওয়ার চেষ্টা করে হামলাকারী। পরে ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। তবে কোনো মূল্যবান জিনিস লুট হয়নি।
সেন্ট কিটস অ্যান্ড নেভিসের ম্যানেজার ডারিও বার্থলি বলেন, সবাই ভালো আছে, কেউ গুরুতর আহত হয়নি। এখন বিষয়টি পুলিশের তদন্তাধীন। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা উল্লেখ করে বার্থলি আরও জানান, দলের নিরাপত্তা নিয়ে আপাতত কোনো উদ্বেগ নেই। সিপিএল কর্তৃপক্ষও জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্টদের নাম প্রকাশ করা হবে না।
এর মধ্যেই সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে কেনসিংটন ওভালে বার্বাডোজ রয়্যালসের মুখোমুখি হবে। ছিনতাইয়ের ঘটনার পর দলের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
উল্লেখ্য, চলতি সিপিএলে এখন পর্যন্ত ৯ ম্যাচের মধ্যে ৬টিতে হেরে সেমিফাইনালের দৌড় থেকে কার্যত ছিটকে গেছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস।
আরটিভি/এসকে




