
আসন্ন এশিয়া কাপের ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ (১৪ সেপ্টেম্বর) নিয়ে ভারতের সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছিল ম্যাচটি বাতিলের জন্য। পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন (পিআইএল) দায়ের করা আবেদনটি জরুরি শুনানির তালিকায় অন্তর্ভুক্ত করতে আদালত অস্বীকার করেছে।
বেঞ্চের বিচারপতি জে. কে. মহেশ্বরী ও বিজয় বিষ্ণোই এই মামলার বিষয়ে মন্তব্য করেন, এত তাড়া কীসের? এটা তো শুধু একটা ম্যাচ। ম্যাচ তো রোববার, এখন কী করা যাবে? ম্যাচ হোক।
আবেদনটি দায়ের করেন উর্বশী জৈনের নেতৃত্বে চারজন আইন বিভাগের শিক্ষার্থী। তারা দাবি করেন, এপ্রিলের পাহালগাম সন্ত্রাসী হামলা ও অপারেশন সিন্দুরের পর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ আয়োজন ‘জাতীয় মর্যাদা ও জনমতের পরিপন্থী বার্তা’ বহন করছে।
পিটিশনাররা আরও জানান, এই ম্যাচ শহিদ পরিবারের মনোবেদনা বাড়াতে পারে এবং দেশের নিরাপত্তা ও মর্যাদা বিনোদনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাদের মতে, ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ জাতীয় স্বার্থ ও সেনাদের এবং পুরো জাতির মনোবলের জন্য ক্ষতিকর। ভারত ও পাকিস্তান আগামী ১৪ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে।
আরটিভি/এসকে/এস




