
এশিয়া কাপের সুপার ফোরে বুধবার (২৪ সেপ্টেম্বর) ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। লঙ্কানদের হারিয়ে ফাইনালের পথে ইতিমধ্যেই ভালো অবস্থানে রয়েছে টাইগাররা। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে এই গুরুত্বপূর্ণ ম্যাচ।
সরাসরি ম্যাচটি দেখা যাবে টি-স্পোর্টস চ্যানেলে। এছাড়া অনলাইনে দর্শকরা ম্যাচ উপভোগ করতে পারবেন টফি অ্যাপ (অ্যান্ড্রয়েড ও আইওএস), টফি লাইভ ডট কম এবং স্মার্ট টিভি (অ্যান্ড্রয়েড টিভি, স্যামসাং টাইজন, এলজি ওয়েবওএস)-এর মাধ্যমে।
চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে জয় পেলে ফাইনালের পথে আরেক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ। এখন পর্যন্ত টুর্নামেন্টে দুর্দান্ত বোলিং পারফরম্যান্স দেখিয়েছে টাইগাররা। তাই আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবেন মুস্তাফিজ-শরিফুলরা।
ভারত এখন পর্যন্ত টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে দুবারসহ চারটি ম্যাচ জিতেছে। তবে বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স আত্মবিশ্বাসী। প্রতিটি দলেরই ভারতকে হারানোর সামর্থ্য আছে। আমরা নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলব এবং ভারতের পরিকল্পনা নষ্ট করার চেষ্টা করব।
টি-টোয়েন্টি ফরম্যাটে এর আগে ১৭ বার ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। জয় এসেছে মাত্র একবার ২০১৯ সালে ভারত সফরে। এশিয়া কাপে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে দুই দলের ১৫ বারের লড়াইয়ে বাংলাদেশ জিতেছে মাত্র ২ ম্যাচে, হার ১৩টিতে।
আরটিভি/এসকে




