
এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ফাইনালের পথে এগিয়ে যেতে এই ম্যাচে জয়টাই লক্ষ্য টাইগারদের। বুধবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।
রাজধানীতে ক্রিকেটপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ডাকসুর অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়, হাজী মুহম্মদ মুহসীন হল মাঠে জায়ান্ট স্ক্রিনে বাংলাদেশ-ভারত ম্যাচটি দেখানো হবে। ছাত্র ও ছাত্রীদের জন্য আলাদা বসার ব্যবস্থাও রাখা হয়েছে।
ডাকসুর ঘোষণায় বলা হয়, বুধবার রাত সাড়ে ৮টায় বাংলাদেশ বনাম ভারতের উত্তেজনাপূর্ণ ম্যাচ জায়ান্ট স্ক্রিনে সরাসরি দেখার আয়োজন করা হয়েছে। উৎসবমুখর পরিবেশে ক্রিকেটের উচ্ছ্বাস ভাগাভাগি করবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বাংলাদেশ এরই মধ্যে টুর্নামেন্টে দারুণ পারফরম্যান্স দেখিয়েছে। মুস্তাফিজরা মানসিকভাবে প্রস্তুত ও আত্মবিশ্বাসী হয়ে মাঠে নামবেন। যদিও ইতিহাস বলছে, এশিয়া কাপে ভারত-বাংলাদেশ লড়াইয়ে টাইগারদের জয় মাত্র দুবার, হারের সংখ্যা ১৩। সর্বশেষ ২০১৬ সালের টি-টোয়েন্টি এশিয়া কাপে দুই ম্যাচেই পরাজয়ের স্বাদ পায় বাংলাদেশ।
আজকের ম্যাচে জয় পেলে ফাইনালের মঞ্চে এক পা দিয়ে রাখবে টাইগারা। বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে দেখা যাচ্ছে অন্য রকম উত্তেজনা।
আরটিভি/এসকে




