
বাংলাদেশ-ভারত ফুটবল ম্যাচ নিয়ে দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে তীব্র উত্তেজনা চলছে। এর মধ্যেই জানা গেলো, গত জুনে সিঙ্গাপুরের বিপক্ষে ঘরের মাঠে খেলা বাংলাদেশ দলকে ২-১ গোলে হারানোর ম্যাচের সেই বিতর্কিত রেফারি ফিলিপাইনের ক্লিফোর্ড পোস্তানিস বাংলাদেশ-ভারত ম্যাচেও ম্যাচ পরিচালনায় থাকবেন।
২০১৪ সাল থেকে ফিফা রেফারি হিসেবে দায়িত্ব পালন করা ক্লিফোর্ড পোস্তানিস ২০২৫ সালের ফিলিপাইনের সবচেয়ে সিনিয়র ফিফা রেফারি। তার সঙ্গে দুই সহকারী রেফারিও ফিলিপাইনের। নানোলা ক্রিজমার্ক ও লাচিচা জিওভানি ২০১৭ এবং ২০১৮ সাল থেকে ফিফা সহকারী রেফারি হিসেবে আছেন। এই তিনজনই সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচেও দায়িত্বে ছিলেন।
সিঙ্গাপুর ম্যাচের ৯৩তম মিনিটে বাংলাদেশের ফয়সাল আহমেদ ফাহিমকে ডিফেন্ডার ইরফান নাজিব পেছন থেকে স্লাইডিং ট্যাকেল করেছিল, যা পেনাল্টি হওয়া উচিত ছিল। কিন্তু রেফারি ক্লিফোর্ড পোস্তানিস সেই পেনাল্টি না দেওয়ায় বাংলাদেশ দল ও সমর্থকদের মধ্যে হতাশা ও ক্ষোভ দেখা দিয়েছিল।
ম্যাচের ভুল-ত্রুটির পর্যবেক্ষণের জন্য অ্যাসেসর থাকেন। বাংলাদেশ-ভারত ম্যাচে জর্ডানের নাসের মোস্তফা এই দায়িত্ব পালন করবেন। এ ছাড়া মিয়ানমারের সি থু উইন ম্যাচ কমিশনার হিসেবে থাকবেন।
দক্ষিণ এশিয়ার থেকে চতুর্থ রেফারির দায়িত্ব পালন করবেন শ্রীলঙ্কার কাশুন লাকমাল। তিনি ১৩ নভেম্বর ঢাকায় বাংলাদেশ-নেপাল ম্যাচে চতুর্থ রেফারির দায়িত্বে ছিলেন। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ম্যাচগুলোতে চতুর্থ রেফারির সিদ্ধান্ত বিলম্বের কারণে বিতর্ক উঠেছে, যা সিঙ্গাপুর ম্যাচেও দেখা গিয়েছিল।
ফুটবলপ্রেমীরা আশা করছেন, এইবারের ম্যাচে রেফারির ভুল-ত্রুটি কম থাকবে এবং উত্তেজনাপূর্ণ ম্যাচ উপভোগ করতে পারবেন সবাই।
আরটিভি/এসকে




