
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার এক বছর পর আবারও ভারতীয় দলের দায়িত্ব নিয়ে মাঠে ফিরছেন দেশটির জাতীয় দলের সাবেক ক্রিকেটার দীনেশ কার্তিক। হংকং সিক্সেস প্রতিযোগিতায় ভারতীয় দলের অধিনায়ক করা হয়েছে তাকে।
হংকং ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে কার্তিককে অধিনায়ক করার ঘোষণা দিয়েছে। তারা বলেছে, হংকং সিক্সেস প্রতিযোগিতায় ভারতীয় দলের অধিনায়ক হিসেবে কার্তিকের নাম ঘোষণা করতে পেরে আমরা গর্বিত। তার দীর্ঘ আন্তর্জাতিক অভিজ্ঞতা, অধিনায়কের গুণ এবং বিধ্বংসী ব্যাটিং এই প্রতিযোগিতার মান অনেক বাড়াবে।
অধিনায়ক হতে পেরে দীনেশ কার্তিকও উচ্ছ্বসিত। তিনি বলেন,হংকং সিক্সেস প্রতিযোগিতায় ভারতীয় দলের নেতৃত্ব দেয়া আমার জন্য গর্বের। আমাদের দলে অনেক দুর্দান্ত ক্রিকেটার আছে। তাদের নেতৃত্ব দেয়াটা আনন্দের। আশা করছি, আমরা দল হিসেবে ভালো খেলব এবং দর্শকদের আনন্দ দিতে পারব।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার পর কার্তিক আইপিএল থেকেও অবসর নেন। তবে এখন তিনি আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটিং কোচের দায়িত্বে রয়েছেন। চলতি বছর পার্ল রয়্যালসের হয়ে দক্ষিণ আফ্রিকা টি-২০ লিগেও খেলেছেন তিনি।
হংকং সিক্সেস প্রতিযোগিতায় কার্তিক তার দলে রবিচন্দ্রন অশ্বিনকে পাবেন। গত বছর এই প্রতিযোগিতার প্রথম পর্ব থেকেই বাদ পড়েছিল ভারত। রবিন উথাপ্পার অধিনায়কত্বে তারা সব ম্যাচ হেরেছিল। এবার সেই ধাক্কা সামলে সফল হওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে ভারতীয় দল।
আরটিভি/এসকে




