
লা লিগার মৌসুম শুরুর দিকেই বড় ধাক্কা খেলো বার্সেলোনা। লামিনে ইয়ামালের ইনজুরি কাটিয়ে ফেরার আনন্দের রেশ না কাটতেই কোচ হান্সি ফ্লিককে ভাবনায় ফেলেছে নতুন চোটের খবর। দলের দুই গুরুত্বপূর্ণ সদস্য রাফিনিয়া ও গোলকিপার জোয়ান গার্সিয়া ইনজুরিতে ছিটকে গেছেন।
গত রাতে রিয়াল ওভেইদোর বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটে মাঠ ছাড়তে বাধ্য হন ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া। বার্সেলোনার অফিসিয়াল বিবৃতিতে জানানো হয়েছে, ডান উরুর চোটে ভুগছেন তিনি। এই কারণে অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে ২৮ বছর বয়সী এই তারকাকে।
এদিকে আরও বড় ধাক্কা এসেছে গোলপোস্ট থেকে। অনুশীলনের সময় বাঁ হাঁটুর ইন্টারনাল মেনিসকাস ছিঁড়ে যায় জোয়ান গার্সিয়ার। তাকে অস্ত্রোপচার করতে হবে বলে নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ। ফলে চার থেকে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে এই তরুণ গোলরক্ষককে। তার অনুপস্থিতিতে গোলপোস্ট সামলানোর দায়িত্ব এখন পড়বে ভয়েচেক সেজনির কাঁধে।
ফলে মৌসুমের প্রথম এল ক্লাসিকো এবং চ্যাম্পিয়নস লিগে পিএসজির বিপক্ষের গুরুত্বপূর্ণ ম্যাচেও দেখা যাবে না গার্সিয়াকে। এছাড়া লা লিগায় রিয়াল সোসিয়েদাদ ও সেভিয়ার মতো কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হবে ফ্লিকের শিষ্যরা। মৌসুমের শুরুতেই দুই মূল খেলোয়াড়ের ইনজুরি নিঃসন্দেহে বার্সেলোনার জন্য বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।
আরটিভি/এসকে




