
বুন্দেসলিগায় অপ্রতিরোধ্য গতিতে ছুটছে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। নিজেদের শতভাগ জয়ের ধারা অব্যাহত রেখেই শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে তারা ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ভেরডার ব্রেমেনকে।
বায়ার্নের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন জোড়া গোল করে ক্লাবের হয়ে ১০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ইতিহাসে একটি ক্লাবের হয়ে দ্রুততম ১০০ গোলের রেকর্ড এখন কেইনের দখলে। মাত্র ১০৪ ম্যাচে এই মাইলফলক ছুঁলেন তিনি। এর আগে ক্রিস্টিয়ানো রোনালদো ও আর্লিং হলান্ড যৌথভাবে ১০৫ ম্যাচে শত গোল করেছিলেন।
খেলার বিবরণে দেখা যায়, ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ২২ মিনিটে জোনাথন টাহের গোলে প্রথম এগিয়ে যায় বায়ার্ন। ৪৪ মিনিটে বক্সের মধ্যে কেইনের উপর ফাউল হলে বায়ার্ন পায় পেনাল্টি, যা স্পট কিক থেকে লক্ষ্যভেদ করে কেইন করেন।
বিরতির পর লুইস দিয়াজের পাস থেকে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করেন তিনি। ৮৭ মিনিটে বায়ার্নের হয়ে শেষ গোলটি করেন কনার্ড লাইমার। চলতি মৌসুমে বুন্দেসলিগায় ৫ ম্যাচে কেইনের গোলসংখ্যা এখন ১০।
রেকর্ড গড়ার পর কেইন বলেন, আমার নিজের কাছেও এটা অবিশ্বাস্য মনে হচ্ছে। দারুণ এই ক্লাবের হয়ে ১০০ গোল করা আমার জন্য অনেক বড় সম্মানের। এত দ্রুত এটা করতে পেরে আমি সত্যিই গর্বিত।
বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানিও কেইনের প্রশংসায় পঞ্চমুখ। তিনি বলেন, আমি সব সময় সবাইকে মনে করাই, রক্ষণে ওর ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ। পাশাপাশি কতটা পেছনে দৌড়ে দলকে সাহায্য করে, সেটাও দেখতে হয়। সে রেকর্ড ভেঙেছে, কিন্তু তা করেছে দলকে অনেক কিছু দিয়ে।
৫ ম্যাচের সবকটি জিতে ১৫ পয়েন্ট নিয়ে বুন্দেসলিগা টেবিলের শীর্ষে অবস্থান করছে বায়ার্ন মিউনিখ।
আরটিভি/এসকে




