
এশিয়া কাপের টি-টোয়েন্টি আসরে নতুন ইতিহাস গড়লেন ভারতীয় ওপেনার অভিষেক শর্মা। শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরের ম্যাচে ঝড়ো ব্যাটিং করে ৬১ রানের ইনিংস খেলে তিনি প্রথম ব্যাটসম্যান হিসেবে টুর্নামেন্টে ৩০০ রান অতিক্রমের কীর্তি গড়েছেন।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) কলম্বোতে অনুষ্ঠিত ম্যাচে তার এই ইনিংসের সুবাদে অভিষেকের মোট রান দাঁড়িয়েছে ৩০৯। টুর্নামেন্টের শুরু থেকেই দুর্দান্ত ছন্দে থাকা এই তরুণ ব্যাটার এখন পর্যন্ত ছয় ম্যাচে রান তুলেছেন ধারাবাহিকভাবে।
এর আগে এশিয়া কাপের টি-টোয়েন্টি সংস্করণে এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ানের দখলে। তিনি ২০২২ সালে করেছিলেন ২৮১ রান। একই আসরে ভারতের তারকা বিরাট কোহলি করেছিলেন ২৭৬ রান। এবার সেই দুই তারকাকেও ছাড়িয়ে গেলেন অভিষেক।
গ্রুপ পর্বে কিছুটা ধীরগতিতে শুরু করলেও সুপার ফোরে অভিষেক ছিলেন একেবারেই অপ্রতিরোধ্য। পাকিস্তানের বিপক্ষে ৭৪, বাংলাদেশের বিপক্ষে ৭৫ এবং শ্রীলঙ্কার বিপক্ষে ৬১ রানের তিনটি টানা হাফ-সেঞ্চুরিতে রেকর্ডবুকে জায়গা করে নিয়েছেন এই ওপেনার।
অভিষেক শর্মার এই অর্জন এশিয়া কাপের ইতিহাসে নতুন এক মাইলফলক হিসেবে জায়গা করে নিল।
আরটিভি/এসকে




