
ভারতের বিপক্ষে ওভাল টেস্টে কাঁধে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার ক্রিস ওকস। সে ম্যাচে স্লিংয়ে হাত ঝুলিয়ে ব্যাট করতে নামার সেই দৃশ্য ক্রিকেটপ্রেমীদের মনে গেঁথে আছে। তবে চোট কাটিয়ে আর মাঠে ফেরা হলো না এই ইংলিশ ক্রিকেটারের। আন্তর্জাতিক ক্রিকেটকে অবসরের ঘোষণা দিয়েছেন ওকস।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় অবসরের ঘোষণা দেন তিনি।
বিদায়ী বার্তায় ৩৬ বছর বয়সী এই পেস অলরাউন্ডার লেখেন, সেই মুহূর্তটি এসে গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার এটাই সঠিক সময়।
বিদায় বেলায় পরিবার ও ভক্তদের ধন্যবাদ জানিয়ে ওকস বলেন, আমার বাবা-মা, আমার স্ত্রী অ্যামি এবং আমাদের দুই মেয়ে লাইলা ও এভি, বছরের পর বছর ধরে তোমাদের ভালোবাসা, সমর্থন এবং ত্যাগের জন্য ধন্যবাদ। তোমাদের ছাড়া এর কিছুই সম্ভব হতো না। ভক্তদের, বিশেষ করে বার্মি আর্মি, আপনাদের আবেগ, উল্লাস এবং বিশ্বাসের জন্য ধন্যবাদ।
২০১১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর জাতীয় দলের হয়ে তিন সংস্করণ মিলিয়ে ওকস খেলেছেন ২৭১ টি ম্যাচ। ডানহাতি এই পেসার ৬২ টেস্টে খেলে ১৯২টি উইকেট নিয়েছেন। এছাড়া ওয়ানডেতে ১২২ ম্যাচে ১৭৩ ও ৩৩ টি টোয়েন্টি ম্যাচে শিকার করেন ৩১ উইকেট। ব্যাট হাতেও কম যাননি, তিন সংস্করণ মিলিয়ে ১৩ ফিফটি ও ১ সেঞ্চুরিতে করেছেন ৩,৭০৫ রান।
১৪ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে ইংল্যান্ডের হয়ে ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ ও ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন ওকস। এছাড়া ২০২৩ সালের অ্যাশেজে সিরিজ সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছিলেন এই ইংলিশ অলরাউন্ডার।
স্মৃতিচারণ করে ওকস বলেন, ২০১১ সালে অস্ট্রেলিয়ায় আমার ওয়ানডে অভিষেক হয়েছিল, মনে হয় যেন গতকালের ঘটনা। দুটি বিশ্বকাপ জয় এবং দুর্দান্ত কিছু অ্যাশেজ সিরিজের অংশ হতে পারবো, এটা কখনো ভাবিনি। সতীর্থদের সাথে সেই স্মৃতি এবং উদযাপনগুলো আমার সঙ্গে চিরকাল থাকবে। আমি পুরো সময়টা উপভোগ করেছি। কোনো আক্ষেপ নেই।
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) চেয়ারম্যান রিচার্ড থম্পসন ওকসের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, এই গ্রীষ্মে স্লিংয়ে হাত ঝুলিয়ে টেস্ট ম্যাচ জেতানোর জন্য তার মাঠে নামার দৃশ্যই প্রমাণ করে, সে দেশের জন্য খেলতে কতটা নিবেদিত ছিল।
তিনি আরও বলেন, মাঠের বাইরে সে একজন ভদ্রলোক এবং মাঠে একজন লড়াকু যোদ্ধা, যে ব্যাট ও বল হাতে বারবার বড় মঞ্চে জ্বলে উঠেছে। গত ১৪ বছর ধরে ইংল্যান্ডের জার্সিতে তার অবদানের জন্য আমি তাকে ধন্যবাদ ও অভিনন্দন জানাই।
আরটিভি/এসআর




