
চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় ম্যাচ ডেতে দাপট দেখালো রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপের হ্যাটট্রিকে কাজাখস্তানের ক্লাব কাইরাত আলমাতিকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে লস ব্লাঙ্কোসরা। অন্যদিকে ভিক্টর ওসিমেনের একমাত্র গোলে গালাতাসারের কাছে হেরেছে ইংলিশ জায়ান্ট লিভারপুল।
দীর্ঘ ৬,৫০০ কিলোমিটার ভ্রমণ শেষে মাঠে নেমে শুরুতে কিছুটা নড়বড়ে ছিল রিয়াল। স্বাগতিক আলমাতি প্রথমেই গোলের সুযোগ তৈরি করলেও তা রুখে দেন থিবো কোর্তোয়া। এরপর ধীরে ধীরে ছন্দে ফেরে রিয়াল। ২৫ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল করেন এমবাপে।
দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয় রিয়াল। ৫২ মিনিটে এমবাপের দ্বিতীয় গোল এবং ৭৩ মিনিটে দুর্দান্ত শটে হ্যাটট্রিক পূর্ণ করেন ফরাসি তারকা। বাকি দুই গোল আসে কামাভিঙ্গা (৮৩ মিনিট) এবং ব্রাহিম দিয়াজের (৯৩ মিনিট) পা থেকে।
অন্যদিকে, ইংল্যান্ডের ক্লাব লিভারপুলের জন্য রাতটা ছিল হতাশার। তুরস্কের রামস পার্কে খেলা ম্যাচে ১৬ মিনিটেই পেনাল্টি থেকে গালাতাসারেকে এগিয়ে দেন ভিক্টর ওসিমেন। লিভারপুল বেশ কয়েকটি সুযোগ পেলেও সমতা ফেরাতে ব্যর্থ হয়। ইনজুরিতেও ভুগতে হয়েছে দলকে চোট পান গোলরক্ষক অ্যালিসন বেকার ও তরুণ ফরোয়ার্ড হুগো একিতিকে।
শেষ পর্যন্ত ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে গালাতাসারে। এই জয়ে তারা দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ১৮তম স্থানে উঠে এসেছে। সমান পয়েন্টে লিভারপুল রয়েছে ১৬তম স্থানে। অন্যদিকে রিয়াল মাদ্রিদ ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে।
আরটিভি/এসকে




