
এশিয়া কাপ শেষ হয়েছে প্রায় ৪৮ ঘণ্টা আগে। তবে ফাইনালের পরের নাটকীয় ঘটনাপ্রবাহ এখনও থামেনি। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে শিরোপা জেতার পরও ভারতীয় দলকে এখনও ট্রফি বুঝিয়ে দেওয়া হয়নি। আর এই নিয়েই শুরু হয়েছে নতুন বিতর্ক।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও এসিসির সভাপতি মহসিন নাকভির সঙ্গে বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজিব শুক্লা এবং সাবেক কোষাধ্যক্ষ আশিষ শেলার মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। মূলত ট্রফি ও মেডেল হস্তান্তর নিয়েই এ উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়।
জিও নিউজের বরাতে জানা গেছে, সভায় শুক্লা বারবারই ভারতকে ট্রফি দেওয়ার দাবি তোলেন। জবাবে নাকভি বলেন, এটি সভার এজেন্ডায় ছিল না। যদি ভারতীয় দল ট্রফি নিতে চায়, তবে অধিনায়ক সূর্যকুমার যাদবকে এসিসির অফিসে এসে আমার কাছ থেকে নিতে হবে।
অন্যদিকে বিসিসিআইয়ের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়, নাকভি ইচ্ছে করেই ট্রফি দিতে গড়িমসি করছেন। শেলার দাবি করেন, ভারত ট্রফি ও মেডেল দেশে নিতে চাইলে এসিসি অফিস থেকে সরাসরি পাঠিয়ে দিলেই হতো। কিন্তু নাকভি এতে রাজি নন। বিসিসিআই কর্মকর্তারা আরও জানান, বিষয়টি নিয়ে আইসিসিতে আনুষ্ঠানিক অভিযোগ জানানো হতে পারে।
২৮ সেপ্টেম্বর ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জেতে ভারত। তবে ম্যাচশেষে মহসিন নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় ভারতীয় দল। এরপর থেকেই নাকভি শর্ত দেন সূর্যকুমার যাদবকে এসিসি অফিসে গিয়ে তার হাত থেকেই ট্রফি নিতে হবে।
এদিকে বিসিসিআই সচিব দেবজিৎ শাইকিয়ার দাবি, নাকভি আসলে ট্রফি নিয়ে পালিয়ে গেছেন। ফলে ট্রফি ছাড়া শিরোপা উদযাপন করতে হয়েছে সূর্যকুমারদের, যা নিয়ে ইতিমধ্যেই চরম বিতর্ক শুরু হয়েছে।এখনো পর্যন্ত এশিয়া কাপের চ্যাম্পিয়ন ভারতকে ট্রফি বুঝিয়ে দেওয়া হয়নি।
আরটিভি/এসকে




