
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ভারতীয় ক্রিকেটারদের অনৈতিক আচরণের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)’কে অভিযোগ জানাতে যাচ্ছে। এই ঘোষণা দেন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি সোমবার (২২ ডিসেম্বর)।
রোববার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান ১৯১ রানের বড় ব্যবধানে ভারতকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ম্যাচের পরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের পক্ষ থেকে এশিয়ান অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়ন দলের সম্মাননা অনুষ্ঠানে মহসিন নকভি বলেন, ‘অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতীয় খেলোয়াড়রা পাকিস্তানি খেলোয়াড়দের উসকানি দিয়েছে। পাকিস্তান এই ঘটনার বিষয়ে আইসিসিকে অবহিত করবে। খেলাধুলা ও রাজনীতি আলাদা রাখা উচিত।’
একই অনুষ্ঠানে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের মেন্টর ও সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদও ভারতের আচরণের কড়া সমালোচনা করেন।
তিনি বলেন, ম্যাচ চলাকালীন ভারতের আচরণ ভালো ছিল না, ক্রিকেটের দৃষ্টিকোণ থেকে তা অনৈতিক ছিল। তবে আমরা খেলোয়াড়সুলভ মানসিকতায় জয় উদযাপন করেছি। ক্রিকেটে সব সময় স্পোর্টসম্যানশিপ থাকা উচিত। ভারত যা করেছে, তার জন্য তারা নিজেই দায়ী।
পাকিস্তান ও ভারতের মধ্যে দীর্ঘদিন ধরেই ভূ-রাজনৈতিক টানাপোড়েনের কারণে ক্রিকেট সম্পর্ক উত্তপ্ত রয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পিসিবির এই পদক্ষেপ নতুন করে উত্তেজনা বাড়াতে পারে।
আরটিভি/এসকে




