
এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতেছে ভারত। তবে শিরোপা হাতে নেওয়ার সময় তৈরি হয়েছে বড় বিতর্ক। ম্যাচ শেষে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এএসসি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির হাত থেকে ট্রফি নেননি ভারতীয় ক্রিকেটাররা। আর এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র সমালোচনার ঝড় উঠেছে ক্রিকেটবিশ্বে।
এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। তিনি ভারতের আচরণের কড়া সমালোচনা করে জানান, খেলাধুলায় রাজনীতির কোনো স্থান নেই।
এবি ডি ভিলিয়ার্স বলেন, যিনি ট্রফি তুলে দিচ্ছিলেন, তাকে নিয়ে ভারতীয় দল খুশি ছিল না। তবে আমি মনে করি, খেলাধুলার সঙ্গে রাজনীতি মেশানো ঠিক নয়। এ ধরনের ঘটনা বিব্রতকর পরিস্থিতি তৈরি করে। যা ঘটেছে তা সত্যিই দুঃখজনক। আশা করি ভবিষ্যতে এর সমাধান হবে। খেলোয়াড়দের জন্যও এটি খুবই অস্বস্তিকর ছিল।
তবে মাঠের ভেতরে ভারতের পারফরম্যান্সে মুগ্ধতা প্রকাশ করতে ভোলেননি এবি। তিনি যোগ করেন, ভারত বর্তমানে দুর্দান্ত ফর্মে আছে। তাদের দলে প্রতিভার ছড়াছড়ি, আর বড় ম্যাচে নিজেদের প্রমাণ করার ক্ষমতাও রয়েছে। তাদের এই দাপুটে খেলা সত্যিই উপভোগ্য।
এশিয়া কাপ জয়ের পর চলতি মাসের শেষদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি গুরুত্বপূর্ণ টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। সেই সিরিজে ভারতীয় দলকে দিতে হবে কঠিন পরীক্ষা।
মাঠের বাইরে বিতর্কে সমালোচনা কুড়ালেও, মাঠের ভেতরে ভারতের আধিপত্যই এখন আলোচনার কেন্দ্রবিন্দু।
আরটিভি/এসকে




