
এশিয়া কাপে হতাশার পর নতুনভাবে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ শারজাহতে শুরু হতে যাচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম লড়াই। প্রতিপক্ষ আফগানিস্তান সবসময়ই কঠিন প্রতিদ্বন্দ্বী, আর তাই ম্যাচের আগে বাংলাদেশের একাদশ নিয়েই চলছে সবচেয়ে বেশি আলোচনা।
ইনজুরির কারণে নিয়মিত অধিনায়ক লিটন দাস ছিটকে গেছেন দল থেকে। ফলে টপ অর্ডারে তৈরি হয়েছে জটিলতা। এশিয়া কাপে ব্যর্থ হওয়া তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনকে দিয়েই হয়তো ইনিংসের সূচনা করতে হবে। যদিও অভিজ্ঞ সৌম্য সরকারকে দলে ফেরানো হয়েছে, তবে ভিসাজনিত কারণে প্রথম ম্যাচে তার খেলা অনিশ্চিত।
ওপেনিংয়ে না থাকলেও সাইফ হাসান তিন নম্বর পজিশনে হতে পারেন দলের ভরসা। মিডল অর্ডারে দায়িত্ব কাঁধে থাকবে তাওহীদ হৃদয়ের, যিনি সাম্প্রতিক সময়ে রানের জন্য লড়াই করছেন। ফিনিশার হিসেবে থাকবেন শামীম পাটোয়ারি এবং জাকের আলী, যিনি একইসাথে দলকে নেতৃত্বও দিবেন।
বোলিং বিভাগেও রয়েছে ভারসাম্য আনার চেষ্টা। স্পিনে আস্থার নাম নাসুম আহমেদ, যিনি এশিয়া কাপে আফগানদের বিপক্ষে দারুণ বোলিং করেছিলেন। তার সঙ্গে থাকবেন লেগ স্পিনার রিশাদ হোসেন। পেস আক্রমণে মুস্তাফিজুর রহমানকে ঘিরেই সাজানো হতে পারে কৌশল, সঙ্গে থাকবেন তাসকিন আহমেদ ও তরুণ তানজিম হাসান সাকিব।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী (অধিনায়ক), শামীম পাটোয়ারি, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।
আফগানিস্তানের সম্ভাব্য একাদশ
রহমানউল্লাহ গুরবাজ, মোহাম্মদ ইসহাক, সাদিকুল্লাহ অটল, ইব্রাহিম জাদরান, রশিদ খান (অধিনায়ক), শরফুদ্দিন আশরাফ, মুজিব উর রহমান, মোহাম্মদ নবি, আজমতুল্লাহ ওমরজাই, ফরিদ মালিক, নুর আহমদ।
আরটিভি/এসকে




