
ভারতের বিপক্ষে ঘরের মাঠে আসন্ন ওয়ানডে সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এই সিরিজ দিয়েই প্রায় এক বছর পর ওয়ানডে দলে ফিরছেন অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক। শেষবার গত বছরের নভেম্বরে ওয়ানডে খেলেছিলেন ৩৫ বছর বয়সী এই বাঁহাতি বোলার।
তবে দলে জায়গা হয়নি ব্যাটসম্যান মারনাস লাবুশেনের। সাম্প্রতিক সময়ে ফর্মহীনতার কারণে তার বাদ পড়া প্রত্যাশিতই ছিল। সর্বশেষ ১০ ওয়ানডে ইনিংসে লাবুশেনের সর্বোচ্চ স্কোর মাত্র ৪৭। তার পরিবর্তে স্কোয়াডে সুযোগ পেয়েছেন ম্যাট রেনশ। ২৯ বছর বয়সী এই ব্যাটসম্যানের ওয়ানডে অভিষেক হতে পারে ভারতের বিপক্ষে সিরিজেই। যদিও ২০২২ সালে পাকিস্তান সফরে তিনি স্কোয়াডে ছিলেন, কিন্তু মাঠে নামার সুযোগ পাননি।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ১৯ অক্টোবর পার্থে। তবে সাউথ অস্ট্রেলিয়ার হয়ে শেফিল্ড শিল্ডে ব্যস্ত থাকায় প্রথম ম্যাচে খেলতে পারবেন না উইকেটকিপার-ব্যাটসম্যান অ্যালেক্স ক্যারি।
অলরাউন্ডার ক্যামেরন গ্রিন ওয়ানডে দলে থাকলেও টি-টোয়েন্টি সিরিজের বাইরে থাকছেন। তিনি অ্যাশেজের প্রস্তুতির অংশ হিসেবে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে শেফিল্ড শিল্ডে অংশ নেবেন।
অন্যদিকে, টেস্ট দলে ফেরার লক্ষ্যে লাবুশেনও ঘরোয়া আসরে রান করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মৌসুমের শুরুতে তাসমানিয়ার বিপক্ষে তার ১৬০ রানের দুর্দান্ত ইনিংস ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে।
ওয়ানডে সিরিজ শেষে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে অস্ট্রেলিয়া। এই সিরিজের প্রথম দুই ম্যাচের স্কোয়াডও ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
চোটের কারণে টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা হয়নি গ্লেন ম্যাক্সওয়েলের। তবে ফিটনেস ফিরে পেয়ে দলে ফিরেছেন ৩১ বছর বয়সী পেসার নাথান এলিস। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ২৯ অক্টোবর ক্যানবেরায়।
অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াড
মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, বেন ডরশুইস, নাথান এলিস, ক্যামেরুন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মিচেল ওয়েন, ম্যাথু রেনশো, ম্যাথু শর্ট, মিচেল স্টার্ক ও অ্যাডাম জাম্পা।
অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি স্কোয়াড
মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, জেভিয়ার বার্টলেট, টিম ডেভিড, বেন ডরশুইস, নাথান এলিস, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথিউ কুহনেম্যান, মিচেল ওয়েন, ম্যাথিউ শর্ট, মার্কাস স্টয়নিস ও অ্যাডাম জাম্পা।
আরটিভি/এসকে




