
টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশের তিক্ততা এখনো কাটেনি আফগানিস্তানের। তবে সেই ব্যর্থতা ভুলে এবার নতুন ফরম্যাটে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়েই ওয়ানডে সিরিজে মাঠে নামছে তারা। বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৬টায় সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। ম্যাচের আগে আত্মবিশ্বাস ঝরেছে আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদির কণ্ঠে।
ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে শহীদি বলেন, আমার মনে হয় দুটি দলই ভালো। যে দল পুরো সিরিজজুড়ে ভালো ক্রিকেট খেলবে, তারাই জিতবে। আফগানিস্তানের অধিনায়ক হিসেবে আমি বাংলাদেশের নাম বলতে পারি না। আমি আমার দলের ওপর বিশ্বাস রাখি। আমাদের একটি ভালো দল আছে। অতীতে আমরা ওডিআই ফরম্যাটে বেশ ভালো ক্রিকেট খেলেছি। ইনশাআল্লাহ, আমরা এখানে লড়াই করতে এসেছি এবং সিরিজটি উপভোগ করব। আমরা লড়াই করব এবং ফলাফল পেতে শতভাগ দেবো।
টি-টোয়েন্টিতে হারের পরও ওয়ানডেতে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদী শহীদি। তিনি স্বীকার করেছেন, ছোট ফরম্যাটে বাংলাদেশ দুর্দান্ত খেলেছে, তবে ওয়ানডে ফরম্যাটে আফগানিস্তান নিজেদের শক্ত অবস্থানে ফিরিয়ে আনতে পারবে বলে বিশ্বাস তার।
আমার দলের ওপর শতভাগ আস্থা আছে বলেন আফগান অধিনায়ক। টি-টোয়েন্টি এবং ওডিআই দুটি ভিন্ন ফরম্যাট। বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজে বেশ ভালো খেলেছে। কিন্তু আমরা সাম্প্রতিক সময়ে ওয়ানডেতে অনেক ভালো ক্রিকেট খেলেছি। আশা করি আমরা ভালো শুরু করব, প্রথম ম্যাচ থেকেই ফলাফল পেতে শতভাগ দেবো এবং পরের ম্যাচগুলোতেও সেটা ধরে রাখব।
এখন পর্যন্ত দুই দলের মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশ এগিয়ে আছে। ১৯টি ওয়ানডেতে বাংলাদেশ জিতেছে ১১টি, আর আফগানিস্তান জয় পেয়েছে ৮ ম্যাচে। তাই আজকের ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ বাংলাদেশ যেখানে জয়ের ধারা ধরে রাখতে চায়, আফগানিস্তান সেখানে নতুন সূচনার আশায় নামবে মাঠে।
আরটিভি/এসকে




