
লিগের সর্বশেষ ম্যাচে পায়ে চোট পেয়েছেন বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। ইনজুরির কারণে বর্তমানে তিনি বলেও লাথি মারতে পারছেন না। ফলে আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বে ইংল্যান্ডের হয়ে মাঠে নামা হচ্ছে না এই তারকা ফুটবলারের।
ইংল্যান্ডের প্রধান কোচ থমাস টুখেল জানিয়েছেন, চোটের কারণে কেইন ওয়েলসের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলবেন না। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে ওয়েম্বলিতে ওয়েলসের মুখোমুখি হবে ইংল্যান্ড। এরপর আগামী মঙ্গলবার (১৪ অক্টোবর) লাটভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচেও অনিশ্চিত কেইন।
ইনজুরি নিয়ে টুখেল বলেন, হ্যারি (কেইন) শেষ ম্যাচে চোট পেয়েছে। ব্যথা এতটাই ছিল যে সে বল কিক করতেও পারছিল না। আমরা কোনো ঝুঁকি নিতে চাইনি, যাতে তার চোট আরও না বাড়ে। এখন তাকে বিশ্রাম দেওয়া হয়েছে, যাতে পুরোপুরি সেরে উঠতে পারে।
চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে রয়েছেন কেইন। লিগে এখন পর্যন্ত করেছেন ১১ গোল ও তিনটি অ্যাসিস্ট। তার দল বায়ার্ন মিউনিখও রয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে।
আরটিভি/এসকে




