
বাংলাদেশ-হংকং ম্যাচ ঘিরে আজ যেন ফুটবল উন্মাদনার বিস্ফোরণ ঘটেছে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। দীর্ঘদিন পর জাতীয় দলের খেলাকে কেন্দ্র করে এমন উত্তাপ দেখা গেল ঢাকায়। হামজা চৌধুরি, শমিত শোম ও ফাহমিদুল ইসলামের দারুণ পারফরম্যান্স ফুটবলে নতুন প্রাণ ফিরিয়ে এনেছে তারই প্রমাণ আজকের গ্যালারির দৃশ্য।
দুপুর থেকেই দর্শকদের ঢল নামতে থাকে স্টেডিয়ামের দিকে। টিকিট নিয়ে গ্যালারিতে ঢোকার চেষ্টায় হাজারো মানুষ ভিড় জমান প্রবেশপথে। কিন্তু অতিরিক্ত ভিড়ের কারণে একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে নিরাপত্তাকর্মীরা।
হুড়োহুড়ির মধ্যে ভেঙে যায় স্টেডিয়ামের চার নম্বর মূল গেটের সামনে বাঁশের তৈরি অস্থায়ী বাধ। এতে করে গেটের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে পুলিশ ও নিরাপত্তাকর্মীরা, আর সেই সুযোগে টিকিটবিহীন অনেক দর্শক অনুপ্রবেশ করে ভেতরে। বিপরীতে অনেক টিকিটধারী সমর্থক থাকেন গেটের বাইরে আটকে।
স্টেডিয়ামের বাইরের এলাকা তখন পরিণত হয় জনসমুদ্রে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তাকর্মীদের কঠোর হতে দেখা গেলেও, জনস্রোতের চাপ সামলানো বেশ কঠিন হয়ে পড়ে তাদের জন্য।
তবে মাঠের ভেতরে তখন চলছে দারুণ এক লড়াই। প্রথমার্ধেই দুই দল উপহার দেয় রোমাঞ্চকর ফুটবল। ১৩ মিনিটে দুর্দান্ত এক গোল করে বাংলাদেশকে লিড এনে দেন হামজা চৌধুরি। কিন্তু প্রথমার্ধের যোগ করা সময়ের শেষ মিনিটে গোল হজম করে বসে লাল-সবুজের দল। হংকংকে সমতায় ফেরান এভারটন কামারগো।
মাঠে উত্তেজনা আর বাইরে দর্শকদের ঢল দুদিকেই আজ ফুটবল নিয়ে উন্মাদনায় ভাসছে পুরো দেশ।
আরটিভি/এসকে




