
রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের মাদ্রিদের উপকণ্ঠ লা মোরালেজা এলাকার বিলাসবহুল বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় সৌভাগ্যক্রমে কেউ আহত হননি।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বাড়ির বেসমেন্টে থাকা সাওনার ভেতর বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে আগুন লাগে সাওনার ‘ফলস সিলিং’ অংশে, যা দ্রুত পুড়ে যায় এবং পুরো বাড়িজুড়ে ধোঁয়া ছড়িয়ে পড়ে।
ঘটনার সময় ভিনিসিয়ুস বাড়িতে ছিলেন না। বেলা ১১টার দিকে জরুরি নম্বর ১১২-এ কল পেয়ে মাদ্রিদ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। পরে তারা ধোঁয়ায় ভরা কক্ষগুলোতে বায়ু চলাচলের ব্যবস্থা করে। দুপুর নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হয়।
অগ্নিকাণ্ডের কারণ হিসেবে বৈদ্যুতিক ত্রুটিকেই প্রাথমিকভাবে দায়ী করা হয়েছে। বাড়ির নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং তদন্ত চলছে।
দুর্ঘটনার সময় ভিনিসিয়ুস ছিলেন দক্ষিণ কোরিয়ায়, যেখানে ব্রাজিল জাতীয় দল তাদের প্রস্তুতি নিচ্ছে। কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিল আগামী ১০ অক্টোবর সিউলে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এবং ১৪ অক্টোবর জাপানের বিপক্ষে খেলবে।
অগ্নিকাণ্ডের খবর জানার পর রিয়াল মাদ্রিদের সতীর্থ ও ভক্তরা স্বস্তি প্রকাশ করেছেন যে, কোনো প্রাণহানি ঘটেনি। এই ঘটনা আবারও মনে করিয়ে দিল বাড়ির ভেতরেও কতটা অপ্রত্যাশিত বিপদ লুকিয়ে থাকতে পারে।
আরটিভি/এসকে




