বিশ্বকাপ বাছাইপর্বে দারুণ ফর্মে ফিরেছে জার্মানি। ঘরের মাঠে একের পর এক আক্রমণে শুরু থেকেই লুক্সেমবার্গকে কোণঠাসা করে ফেলে ইউরোপীয় পরাশক্তিরা। শেষ পর্যন্ত বড় ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়লো হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।
শুক্রবার (১০ অক্টোবর) রাতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে লুক্সেমবার্গকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে জার্মানি। ম্যাচে জোড়া গোল করেন মিডফিল্ডার জসুয়া কিমিখ, অন্য দুটি গোল আসে ডেভিড রাউম ও সের্গে জিনাব্রির পা থেকে। এই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে উঠেছে জার্মানি।
একই রাতে গ্রুপের অন্য ম্যাচে নর্দান আয়ারল্যান্ডের বিপক্ষে ২-০ গোলে হেরে গেছে স্লোভাকিয়া। ফলে গ্রুপের তিন দলেরই পয়েন্ট এখন সমান ৬ হলেও গোল পার্থক্যে এগিয়ে শীর্ষে জার্মানি, দ্বিতীয় স্থানে নর্দান আয়ারল্যান্ড এবং তৃতীয় স্থানে নেমে গেছে স্লোভাকিয়া।
ম্যাচের শুরু থেকেই জার্মানি ছিল ভয়ংকর ছন্দে। চতুর্থ মিনিটেই গোলের দেখা পেলেও ভিএআরে হাত বল ধরা পড়ায় বাতিল হয় সেই গোল। তবে ১২তম মিনিটে দারুণ এক ফ্রি কিকে দলকে এগিয়ে দেন ডিফেন্ডার ডেভিড রাউম। ২০তম মিনিটে লুক্সেমবার্গ ডিফেন্ডার কার্লসেনের ‘ইচ্ছাকৃত’ হ্যান্ডবলে পেনাল্টি পেয়ে সেটি সফলভাবে গোল করেন জসুয়া কিমিখ।
দ্বিতীয়ার্ধের শুরুতেই আরও দুই গোল করে ব্যবধান বাড়ায় জার্মানি। ৪৮তম মিনিটে কোনাকুনি শটে গোল করেন সের্গে জিনাব্রি। এর মাত্র দুই মিনিট পর গোলমুখে বল পেয়ে সহজ টোকায় নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোলটি করেন কিমিখ।
র্যাঙ্কিংয়ে সাম্প্রতিক সময়ে তিন ধাপ পিছিয়ে গেলেও জার্মানদের এই জয়ে আবারও দেখা মিললো তাদের পুরনো আগ্রাসনের। শক্তিতে দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে গোল উৎসব করেই যেন আত্মবিশ্বাস ফিরে পেল ইউরোপের চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
আরটিভি/এসকে




