
বড়দিনের ছুটিতে পরিবারের সঙ্গে ভালো সময় কাটিয়েছে মেসি-নেইমার। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ারও করেছে তারা। এমনই বড়দিনের পরিবারকে সময় দিতে গিয়েছিলেন জার্মান ফুটবলার সেবাস্তিয়ান হার্টনার। কিন্তু সান কুক রিসর্টে স্কিইংয়ের সময় একটি চেয়ারলিফট থেকে প্রায় ৭০ মিটার নিচে পড়ে মারা যান তিনি।
এতে উৎসবের আনন্দ বদলে গেল বিষাদে। ৩৪ বছর বয়সে না-ফেরার দেশে পাড়ি দিলেন জার্মান ফুটবলার সেবাস্তিয়ান হার্টনার। ছুটি কাটাতে নর্দার্ন মন্তেনেগ্রোতে গিয়েছিলেন তিনি। সেখানে স্কি করতে গিয়ে প্রাণ হারিয়েছেন ডিফেন্ডার সেবাস্তিয়ান।
জার্মান সংবাদমাধ্যম ‘বিল্ড’ জানিয়েছে, একটি চেয়ার কেবল থেকে বিচ্ছিন্ন হয়ে হেলে পড়ে। যেদিকে বসেছিলেন হার্টনার, সেদিকেই হেলে পড়েছিল লিফটটি। একটা সময় পড়ে যান তিনি।
দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী। চেয়ারের সঙ্গে আটকে তার পা ভেঙে গেছে। প্রাথমিক রিপোর্টে জানা যায়, চেয়ারলিফটে একটি যান্ত্রিক ত্রুটির কারণে দুটি গন্ডোলার মধ্যে ধাক্কা লেগেছিল। সেখান থেকেই বিপত্তি।
জার্মানির অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের হয়েও খেলেছিলেন হার্টনার। তার মৃত্যুতে শোকস্তব্ধ বর্তমান ক্লাব ইটিএসভি হামবুর্গ। এক বিবৃতিতে ক্লাবটি জানিয়েছে, ছুটিতে থাকার সময় আমাদের অধিনায়ক সেবাস্তিয়ান হার্টনার মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছেন।
আরটিভি/এসআর




