জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় টি-টোয়েন্টি আসরের ফাইনালে মুখোমুখি হচ্ছে খুলনা ও রংপুর বিভাগ। চলতি বছরের ১৪ সেপ্টেম্বর থেকে সিলেটে শুরু হওয়া এই টুর্নামেন্ট টানা কয়েক দিনের বৃষ্টির কারণে প্রথম ধাপে কিছুদিন বন্ধ ছিল। পরে পরিবর্তিত সূচিতে খেলা মাঠে গড়ায়।
প্রথম কোয়ালিফায়ারে চট্টগ্রাম বিভাগকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে ওঠে খুলনা। পরের কোয়ালিফায়ারে একই ফলাফলে হার মানতে হয় চট্টগ্রামকে, এবং ফাইনালে উঠে রংপুর বিভাগ। আগামী ১২ অক্টোবর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে ফাইনাল।
কোয়ালিফায়ার ম্যাচে চট্টগ্রাম প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৩ উইকেটে ১৬৭ রান সংগ্রহ করে। মুমিনুল হক ১১ রান করে আউট হন, আর ওপেনার মাহমুদুল হাসান জয় ২৭ বলে ২৮ রান করেন। এরপর সাদিকুর রহমান ও অধিনায়ক ইয়াসির আলি শেষ ৫১ বলে ৮৮ রানের জুটি গড়ে চট্টগ্রামের স্কোর দাঁড় করান। ইয়াসির ২৭ বলে ৫৩ রান করে ৫টি চার ও ২টি ছক্কা হাঁকান, সাদিকুর ৪৮ বলে ৫৮ রান করে ৩ চার ও ১ ছক্কায় ইনিংস সাজান।
১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রংপুর শুরু থেকেই চমক দেখায়। ওপেনার নাসির হোসেন ৪১ বলে ৫৪ রানের হাফ-সেঞ্চুরি করেন। অধিনায়ক আকবর আলি মিডল অর্ডারে ২১ বলে ৪০ রানের ক্যামিও ইনিংস খেলেন। শেষ পর্যন্ত ম্যাচের শেষ বলে চার হাঁকিয়ে রংপুর জয় নিশ্চিত করে। হাসান মুরাদ ও মুমিনুল দুটি করে উইকেট নেন। ম্যাচ সেরা নির্বাচিত হন নাসির হোসেন।
ফাইনালে এই দুই দলের মধ্যে কড়া লড়াই হওয়ার প্রত্যাশা করা হচ্ছে।
আরটিভি/এসকে




