
পাকিস্তান ক্রিকেটে মাঠের বাইরের নাটক এখন মাঠের লড়াইয়ের সমান কখনও তার চেয়েও বেশি আলোচিত হচ্ছে। সম্প্রতি লাহোরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টের প্রথম দিনে এই বিষয়টি আবারও প্রমাণিত হলো।
ঘটনাটি ঘটে গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচের ৪৮তম ওভারে। দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনার সেনুরান মুথুসামির বল ডিফেন্স করতে গিয়ে সামান্য ব্যাট-প্যাডে লেগে যায়। ফিল্ডাররা ‘আউট’ আবেদন করলে আম্পায়ার নট আউট ঘোষণা করেন। দক্ষিণ আফ্রিকা ডিআরএস রিভিউ নিলে সিদ্ধান্ত ঠিক প্রমাণিত হয়।
তবে এই সময় ধারাভাষ্য কক্ষে পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার রমিজ রাজা বলে ফেলেন, হ্যাঁ হ্যাঁ, এখন ও নাটক করবে। এই এক লাইনেই শুরু হয় বিতর্ক।
মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিও ক্লিপটি। সমালোচকদের একাংশ প্রশ্ন তুলেছে, বাবরের মতো তারকাকে নিয়ে এমন মন্তব্য করা কি একজন সাবেক অধিনায়কের জন্য উপযুক্ত? অন্যদিকে কেউ বলছেন, এটি কেবল হালকা রসিকতা।
ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, ভিডিও ক্লিপের সত্যতা এখনও নিশ্চিত নয়, এবং রমিজ রাজা এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
মাঠে বাবর আজম নিজের স্বভাবসুলভ শান্ত ব্যাটিং চালিয়ে যান। ৪৮ বলে ২৩ রান করে তিনি ফেরেন, মারেন এক দারুণ বাউন্ডারি মুথুসামিকে। পাকিস্তান প্রথম দিনে বড় সংগ্রহ গড়ে ৩১৩/৫।
তবে স্কোরবোর্ডের চেয়েও বেশি আলোচনায় রয়ে গেছে রমিজ রাজা ও বাবর আজমের এই বিতর্ক।
আরটিভি/এসকে




