ক্রিশ্চিয়ানো রোনালদোর দুর্দান্ত রেকর্ডের রাতেও বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে পারল না পর্তুগাল। হাঙ্গেরির বিপক্ষে শেষ মুহূর্তে গোল খেয়ে জয় হাতছাড়া করে ২-২ ব্যবধানে ড্র করেছে রবার্তো মার্টিনেজের দল।
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে লিসবনের হোসে আলভালাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে পর্তুগালের দুটি গোলই করেছেন রোনালদো। এই দুই গোলের মাধ্যমে তিনি বিশ্বকাপ বাছাইপর্বের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হিসেবে নতুন রেকর্ড গড়েছেন। এখন তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ৪১, যা গুয়াতেমালার কিংবদন্তি কার্লোস রুইজের (৪০ গোল) রেকর্ডকে ছাড়িয়ে গেছে।
ম্যাচের শুরুতে ৮ মিনিটেই গোল খেয়ে পিছিয়ে পড়ে পর্তুগাল। ২২ মিনিটে রোনালদোর গোলে সমতায় ফেরে দলটি। প্রথমার্ধের যোগ করা সময়ে আবারও গোল করে লিড এনে দেন এই পর্তুগিজ তারকা। তবে ম্যাচের ৯০ মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও যোগ করা সময়ের প্রথম মিনিটে হাঙ্গেরির ডমিনিক সোবোসলাইয়ের গোলে জয় হাতছাড়া হয়।
রোনালদোর ব্যক্তিগত অর্জনের তালিকায় যুক্ত হলো আরও একটি বড় মাইলফলক। বাছাইপর্বের ৫১ ম্যাচে ৪১ গোলের পাশাপাশি তার পেশাদার ক্যারিয়ারে গোলসংখ্যা এখন ৯৪৮। ৪১ বছর বয়সের কাছাকাছি দাঁড়িয়েও ২০২৬ বিশ্বকাপের স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছেন তিনি।
চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে এখনো ‘এফ’ গ্রুপের শীর্ষে আছে পর্তুগাল। টানা তিন জয়ের পর এই প্রথম ড্র করল দলটি। হাঙ্গেরি ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয়, আয়ারল্যান্ডের ৪ এবং আর্মেনিয়ার পয়েন্ট ৩। নভেম্বরে আয়ারল্যান্ড ও আর্মেনিয়ার বিপক্ষে ম্যাচেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার সুযোগ রয়েছে রোনালদোদের সামনে।
আরটিভি/এসকে




