
প্রথমবারের মতো বাংলাদেশকে ওয়ানডেতে হোয়াইটওয়াশ করেছে আফগানিস্তান। আর এই সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করে সিরিজসেরা হয়েছেন ওপেনার ইব্রাহিম জাদরান। কিন্তু তারপরও শাস্তি ভোগ করতে হয়েছে এই আফগান ব্যাটারকে।
বাংলাদেশের বিপক্ষে শেষ দুই ওয়ানডেতে সেঞ্চুরির খুব কাছে গিয়েও খালি হাতে ফিরতে হয়েছে জাদরানকে। দ্বিতীয়টা সহজভাবে নিলেও শেষ ম্যাচে নিজের মেজাজ ধরে রাখতে পারেননি তিনি।
তাই গত মঙ্গলবার আবুধাবিতে ৯৫ রানে আউট হওয়ার পর মাঠ থেকে বেরিয়ে ডাগআউটে গিয়ে রাগে ব্যাট হাত থেকে ছুড়ে ফেলেন। সামনে থাকা একটি চেয়ারে লাথিও মারেন। যা ধরা পড়েছে টিভি ক্যামেরায়। এই জন্য ইব্রাহিম জাদরানকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে আইসিসি। সঙ্গে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।
আইসিসি বলছে, জাদরানের এই কাণ্ড খেলোয়াড় ও খেলোয়াড়-সহায়ক কর্মীদের আচরণবিধির ২.২ অনুচ্ছেদের লঙ্ঘন। এটি আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন ‘ক্রিকেট সরঞ্জাম বা পোশাক, মাঠের সরঞ্জাম বা স্থাপনা ও ফিটিংসের অপব্যবহারের’ সঙ্গে সম্পর্কিত।
অনফিল্ড আম্পায়ার অ্যাড্রিয়ান হোল্ডস্টক ও আহমাদ দুররানি, তৃতীয় আম্পায়ার আকবর আলী এবং চতুর্থ আম্পায়ার ইজাতুল্লাহ সাফি জাদরানের বিরুদ্ধে লেভেল ওয়ান অপরাধের অভিযোগ দায়ের করেন। জাদরান অপরাধ স্বীকার করায় ও ম্যাচ রেফারি গ্রায়েম লাব্রয়ের প্রস্তাবিত শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির দরকার হয়নি।
আরটিভি/এসআর




