
নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ও বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা কৌশলবিদ কেন উইলিয়ামসন নতুন ভূমিকায় ফিরছেন আইপিএলে। ভারতের ফ্র্যাঞ্চাইজি দল লখনৌ সুপার জায়ান্টস (এলএসজি)-এর কৌশলগত উপদেষ্টা হিসেবে যোগ দিয়েছেন তিনি। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে এলএসজির মালিক সঞ্জব গোয়েঙ্কা এ তথ্য নিশ্চিত করেছেন।
গোয়েঙ্কা টুইটারে লিখেছেন, তার নেতৃত্বগুণ, কৌশলগত অন্তর্দৃষ্টি, খেলার গভীর বোঝাপড়া এবং খেলোয়াড়দের অনুপ্রাণিত করার ক্ষমতা তাকে দলের জন্য অমূল্য সম্পদে পরিণত করবে।
৩৫ বছর বয়সী উইলিয়ামসন আগেও সুপার জায়ান্টস ফ্র্যাঞ্চাইজির অংশ ছিলেন। দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ-২০ তে তারা পরিচালিত ডারবান সুপার জায়ান্টস দলের হয়ে খেলেছেন তিনি।
চলতি বছরের মার্চে ভারতের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে নিউজিল্যান্ডের জার্সিতে শেষবার মাঠে নেমেছিলেন উইলিয়ামসন। এখনও আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় না জানালেও তিনি এখন নিউজিল্যান্ড ক্রিকেটের সঙ্গে ক্যাজুয়াল চুক্তিতে আছেন, ফলে অনিয়মিতভাবেই খেলবেন বলে ধারণা করা হচ্ছে।
আসন্ন ইংল্যান্ড সিরিজে টি-টোয়েন্টি দল থেকে বিশ্রামে থাকলেও ২৬ অক্টোবর নিজ শহর তুরঙ্গায় ওয়ানডে সিরিজ দিয়ে ফেরার পরিকল্পনা রয়েছে তার।
আইপিএলে বর্ষীয়ান মুখ হলেও গত দুই মৌসুমে উইলিয়ামসনের উপস্থিতি ছিল সীমিত। ২০২৩ সালে গুজরাট টাইটান্সের হয়ে প্রথম ম্যাচেই চোট পেয়ে পুরো আসর থেকে ছিটকে যান। ২০২৪ মৌসুমে মাত্র দুটি ম্যাচে সুযোগ পান এবং করেন ২৭ বলে ২৭ রান। এরপরের মৌসুমে নিলামে কোনো দল তার প্রতি আগ্রহ দেখায়নি।
সম্প্রতি ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টে লন্ডন স্পিরিটের হয়ে খেলেছেন উইলিয়ামসন, যেখানে আট ইনিংসে ২০৪ রান করেন ১২৯.৯৩ স্ট্রাইক রেটে।
যদিও সাপোর্ট স্টাফ হিসেবে এটি তার প্রথম অভিজ্ঞতা, তবুও বিশ্ব ক্রিকেটে তার সুনাম এবং নেতৃত্বগুণে আস্থা রাখছে লখনৌ ফ্র্যাঞ্চাইজি।
রিশভ পন্তের নেতৃত্বে এবং জাস্টিন ল্যাঙ্গারের কোচিংয়ে এবারের আইপিএলে সপ্তম স্থানে শেষ করেছে এলএসজি। আগের মৌসুমেও একই অবস্থানে ছিল দলটি, যদিও প্রথম দুই মৌসুমে (২০২২ ও ২০২৩) তারা তৃতীয় হয়েছিল।
উইলিয়ামসনের যোগদান তাই দলের কৌশল ও পারফরম্যান্সে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছে লখনৌ শিবির।
আরটিভি/এসকে




