
বার্সেলোনার সভাপতি জোয়ান লাপোর্তার চোখে-মুখে আগেই ফুটে উঠেছিল জুলিয়ান আলভারেজকে নিয়ে আগ্রহ। এবার সেই আগ্রহ যেন নতুন মাত্রা পেল ক্লাবের ভেতর থেকেই। আর্জেন্টাইন ফরোয়ার্ডকে দলে দেখতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বার্সার তরুণ মিডফিল্ডার মার্ক বার্নাল।
স্প্যানিশ দৈনিক দিয়ারিও আরা-কে দেওয়া এক সাক্ষাৎকারে বার্নাল বলেন, যদি কোনো একজন খেলোয়াড়কে বার্সেলোনা দলে দেখতে চাই, তাহলে সেটা হবে জুলিয়ান আলভারেজ।
মাত্র ১৮ বছর বয়সী এই মিডফিল্ডারের সরল কিন্তু সাহসী এই মন্তব্যে নতুন করে জল্পনা ছড়িয়েছে কাতালান ক্লাবের ট্রান্সফার পরিকল্পনা নিয়ে। ফ্লিক-লাপোর্তা যুগে তরুণ ও বহুমুখী ফরোয়ার্ডদের প্রতি আগ্রহ বাড়ছে, আর সেই দিক থেকে বিশ্বকাপজয়ী আলভারেজকে আদর্শ বিকল্প হিসেবে দেখা হচ্ছে।
বর্তমানে আর্জেন্টাইন এই তারকা খেলছেন বার্সার লিগ প্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিকো মাদ্রিদে। ক্লাবটির সঙ্গে তার চুক্তি ২০৩০ সাল পর্যন্ত। চুক্তিতে নির্ধারিত বাইআউট ক্লজ ৫০০ মিলিয়ন ইউরো হলেও, কাতালান সংবাদমাধ্যমগুলোর দাবি লাপোর্তা বোর্ড আগামী গ্রীষ্মেই ১৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিতে প্রস্তুতি নিচ্ছে।
এদিকে, রবার্ট লেওয়ানডভোস্কির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। পোলিশ স্ট্রাইকারের চুক্তি শেষ হবে ২০২৬ সালে, আর সৌদি ক্লাবগুলো ইতিমধ্যেই তার প্রতি আগ্রহ দেখিয়েছে। এমন পরিস্থিতিতে আলভারেজকে ভবিষ্যৎ ফরোয়ার্ড লাইন গঠনের জন্য সবচেয়ে কার্যকর বিকল্প হিসেবে দেখছে বার্সা।
ক্লাব সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বার্নালের এই প্রকাশ্য আহ্বানের পর বিষয়টি নিয়ে ভেতরে আলোচনা আরও গতি পেয়েছে। এখন দেখার বিষয় ২০২৬ সালের গ্রীষ্মের ট্রান্সফার উইন্ডোতে লাপোর্তা বোর্ড সত্যিই কি এই “স্বপ্নের সাইনিং” বাস্তবে রূপ দেয় কিনা।
আরটিভি/এসকে




