
স্প্যানিশ ফুটবল জায়ান্ট রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের জন্য প্রতি মৌসুমেই থাকে এক বিশেষ ‘ভিআইপি মুহূর্ত’ যেদিন ক্লাব স্পনসর তাদের হাতে তুলে দেয় নতুন বিলাসবহুল গাড়ি। এবারও তার ব্যতিক্রম হয়নি। আগের চার মৌসুমের মতো এবারও জার্মান অটোমোবাইল ব্র্যান্ড বিএমডব্লিউ ক্লাবের তারকাদের উপহার দিয়েছে ঝকঝকে নতুন গাড়ি।
রিয়াল মাদ্রিদের প্রশিক্ষণ কেন্দ্র রিয়াল মাদ্রিদ সিটিতে এক বর্ণাঢ্য আয়োজনে দলের প্রতিটি খেলোয়াড়ের হাতে তাদের নতুন বিএমডব্লিউ গাড়ির চাবি তুলে দেওয়া হয়। চার মৌসুম আগে অডির জায়গায় বিএমডব্লিউ যখন ক্লাবের অফিশিয়াল পার্টনার হয়, তখন থেকেই এই মুহূর্তটি হয়ে উঠেছে সাদা শিবিরের এক ঐতিহ্য।
সবচেয়ে আগে গাড়ি বেছে নেওয়ার সুযোগ পান ম্যানেজার জাবি আলোনসো। তিনি বেছে নিয়েছেন BMW i7, যার দাম প্রায় €135,000 (বাংলাদেশি টাকায় প্রায় ১ কোটি ৭০ লাখ)। ৫৪৪ হর্সপাওয়ারের এই বৈদ্যুতিক গাড়িটি ঘণ্টায় ২৪০ কিলোমিটার গতিতে ছুটতে পারে। দলের জনপ্রিয় খেলোয়াড় ভিনিসিয়ুস, এমবাপ্পে, মিলিতাও, কারভাহাল, আরদা গুলার, রুডিগার, কারেরাস, এন্দ্রিক ও আসেনসিও— সবাই বেছে নিয়েছেন একই মডেল।
দ্বিতীয় সর্বাধিক পছন্দের গাড়ি ছিল BMW XM, যার দাম প্রায় €200,000 (বাংলাদেশি টাকায় ২ কোটি ৫০ লাখেরও বেশি)। ৭৪৮ হর্সপাওয়ারের এই গাড়িটি মাত্র ৩.৮ সেকেন্ডে ০ থেকে ১০০ কিমি গতিতে পৌঁছায়। এই মডেল বেছে নিয়েছেন কোর্তোয়া, বেলিংহাম, রদ্রিগো, ব্রাহিম দিয়াজ, হুইজেন ও মেন্ডি।
এছাড়া
.তরুণ মাস্তান্তুয়োনো নিয়েছেন BMW i4 — দাম প্রায় €50,000 (৬৩ লাখ টাকা)।
.ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড ও ক্যামাভিঙ্গা নিয়েছেন BMW iX — দাম প্রায় €80,000 (১ কোটি টাকার বেশি)।
.গনসালো গার্সিয়া নিয়েছেন BMW i5, যার দাম €70,000 (প্রায় ৮৮ লাখ টাকা)।
.আর গোলরক্ষক লুনিন বেছে নিয়েছেন শক্তিশালী BMW M5, যার দাম প্রায় €160,000 (প্রায় ২ কোটি টাকা) এবং শক্তি ৭২৭ হর্সপাওয়ার।
.তবে ক্লাবের কয়েকজন তারকার গাড়ির নাম প্রকাশ করা হয়নি। যেমন ভালভার্দে, চুয়ামেনি, সেবায়োস, আলাবা ও ফ্রান গার্সিয়া।
আরটিভি/এসকে




