
চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে ইউরোপা লিগের মঞ্চেও ইসরায়েলের জন্য নতুন ধাক্কা এসেছে। নিরাপত্তাজনিত কারণে ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলা বনাম মাকাবি তেল আবিবের আসন্ন ম্যাচে ইসরায়েলি সমর্থকদের স্টেডিয়ামে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
ম্যাচটি আগামী ৬ নভেম্বর ভিলা পার্কে অনুষ্ঠিত হবে। সেফটি অ্যাডভাইজরি গ্রুপ (এসএজি) ম্যাচটিকে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করে অ্যাস্টন ভিলাকে নির্দেশ দিয়েছে, যাতে সফরকারী দলের কোনো সমর্থক প্রবেশ করতে না পারে। অ্যাস্টন ভিলা এক বিবৃতিতে নিশ্চিত করেছে, মাকাবি তেল আবিবের কোনো সমর্থক ভিলা পার্কে প্রবেশ করতে পারবে না।
ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ সিদ্ধান্তের পক্ষে অবস্থান নিয়েছে। তারা জানায়, বর্তমান গোয়েন্দা তথ্য ও অতীত ঘটনার আলোকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পুলিশ ২০২৪ সালে আয়াক্স বনাম মাকাবি তেল আবিবের ম্যাচে ঘটা সহিংসতা ও ঘৃণাজনিত অপরাধের উদাহরণ উল্লেখ করেছে, যেখানে ৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছিল।
তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী এবং লেবার পার্টির নেতা কিয়ার স্টার্মার এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন। পুলিশ জানায়, জননিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব ও জনগণের প্রতিবাদের অধিকারের মধ্যে ভারসাম্য বজায় রেখে ন্যায়সংগত আইন প্রয়োগে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
অ্যাস্টন ভিলা ইউরোপা লিগ ২০২৫-২৬ মৌসুমের এখন পর্যন্ত দুই ম্যাচে জয়ী থেকে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে।
আরটিভি/এসকে




