
ভবিষ্যতের তারকাদের ধরে রাখার ধারাবাহিকতা বজায় রাখল বার্সেলোনা। স্প্যানিশ তরুণ ডিফেন্ডার ল্যান্ড্রি ফারে এর সঙ্গে ২০২৮ সালের জুন পর্যন্ত নতুন চুক্তি নবায়ন করেছে কাতালান ক্লাবটি। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’–এ এক পোস্টের মাধ্যমে বার্সা বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে।
মাত্র সাত বছর বয়সে বার্সার বিখ্যাত একাডেমি লা মাসিয়ায় যোগ দেন ল্যান্ড্রি ফারে। এরপর দীর্ঘ ১১ বছরের নিবিড় প্রশিক্ষণ ও বিকাশের মাধ্যমে গড়ে উঠেছেন তিনি। বর্তমানে ১৮ বছর বয়সী এই প্রতিভাবান ডিফেন্ডারকে বার্সেলোনার ভবিষ্যৎ তারকাদের একজন হিসেবে দেখা হচ্ছে। নতুন চুক্তির মাধ্যমে ক্লাবটি তার প্রতি দীর্ঘমেয়াদি আস্থা ও প্রত্যাশা প্রকাশ করেছে।
সেন্টার-ব্যাক ও ফুল-ব্যাক দুই পজিশনেই স্বচ্ছন্দ ফারে। গত মৌসুমে উয়েফা ইয়ুথ লিগ জয়ী বার্সেলোনা দলের অন্যতম ভরসা ছিলেন তিনি। যদিও এখনো মূল দলে অভিষেক হয়নি, তবে গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের বিপক্ষে সেমিফাইনালের দ্বিতীয় লেগে প্রথম দলের স্কোয়াডে নাম ছিল তার। মূল দলে জায়গা পাওয়ার অপেক্ষায় রয়েছেন এই তরুণ ডিফেন্ডার।
ফারের নতুন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের যুব ফুটবল বিভাগের দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপক জোয়ান সোলার ও যুব ফুটবলের পরিচালক হোসে রামোন আলেক্সাঙ্কো।
আরটিভি/এসকে




