
আসন্ন এল ক্লাসিকোর আগে লামিন ইয়ামালসহ বেশকয়েকজন ফুটবলারকে নিয়ে চিন্তায় ছিলেন কোচ হান্সি ফ্লিক। তবে ইয়ামালদের নিয়ে বার্সা ভক্তদের সুখবর দিয়েছেন তিনি।
শুক্রবার (১৮ অক্টোবর) জিরোনা ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে ইয়ামাল ও মিডফিল্ডার ফারমিন লোপেজের চোট সেরে উঠার তথ্য জানিয়েছেন এই জার্মান কোচ।
জিরোনা ম্যাচ দিয়ে মাঠে ফিরলেও তারা পুরো সময় খেলতে পারবেন না বলে জানান ফ্লিক, ‘তারা ফিরেছে, কিন্তু এখনই পুরো ৯০ মিনিট খেলার অবস্থায় নেই।’
জিরোনা ম্যাচের পর মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে ব্লুগ্রানা ক্লাবটি নিজেদের মাঠে অলিম্পিয়াকোসকে আতিথ্য দেবে। এরপর ২৬ অক্টোবর এল ক্লাসিকো খেলতে যাবে রিয়াল মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যুতে। এই ম্যাচে খেলা নিয়ে শঙ্কায় থাকা ইয়ামাল কুঁচকির চোটে ভুগছিলেন।
এর আগে তাকে নিয়ে বার্সেলোনা ও স্পেন জাতীয় দলের মাঝে টানাটানি হয়েছিল। বার্সার অনুমোদন না থাকা সত্ত্বেও ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ডকে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে খেলাতে চেয়েছিলেন স্পেন কোচ দে লা ফুয়েন্তে। এরপরই আসে চোটের খবর।
একইভাবে ফারমিনও বার্সেলোনার হয়ে চার ম্যাচ এবং স্পেনের বাছাইপর্বের খেলা থেকে ছিটকে যান বাঁ পায়ের মাংসপেশির চোটের কারণে। তিনিও ফিরলেন ইয়ামালের সঙ্গে। তবে বার্সেলোনার ইনজুরির তালিকা লম্বা।
যেখানে আছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া, পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভান্ডফস্কি, ফেররান তোরেস, মিডফিল্ডার দানি অলমো, গাভি পায়েজ এবং গোলরক্ষক হুয়ান গার্সিয়া। এদের মধ্যে এল ক্লাসিকোর আগে রাফিনিয়া হ্যামস্ট্রিং চোট কাটিয়ে ফিরবেন বলে আশাবাদী কোচ হ্যান্সি ফ্লিক।
উল্লেখ্য, লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। জাবি আলোনসোর দল ৮ ম্যাচে ৭ জয় ও ১ হার নিয়ে ২১ পয়েন্ট পেয়েছে। তাদের ছাড়িয়ে যাওয়ার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি বার্সা। সমান ম্যাচে ৬ জয় এবং একটি করে ড্র-হার নিয়ে তাদের পয়েন্ট ১৯। ১৬ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে ভিয়ারিয়াল।
আরটিভি/এসআর




