
অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে না আবারও উত্তপ্ত হয়ে উঠেছে আফগানিস্তান ও পাকিস্তান। দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি আক্রমণ বেড়েই চলেছে। শনিবার (১৮ অক্টোবর) পাকিস্তানে বিমান হামলায় তিন আফগান ক্রিকেটারের মৃত্যু হয়েছে। যা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে।
জানা গেছে, বিমান হামলা মোট ৮ জন নিহত হয়েছে। তার মধ্যে তিনজন হলো ক্রিকেটার। তারা হলেন- কবির আগা, সিবঘাতুল্লাহ এবং হারুন।
আর এই তিন ক্রিকেটারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। সেই সঙ্গে পাকিস্তান-শ্রীলঙ্কার সঙ্গে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজ বয়কট করেছে এসিবি।
এসিবি তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে লিখেছে, পাকতিকা প্রদেশের উরগুন জেলার সাহসী ক্রিকেটারদের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।
এক নজরে দেখে নিন নিহত তিন ক্রিকেটারের পরিচয়
কবির আঘা: পাকতিকার উরগুন জেলার বাসিন্দা কবির আঘা। ঘরোয়া ক্রিকেটে বেশ কয়েকটি আঞ্চলিক ক্লাবের প্রতিনিধিত্ব করেছেন তিনি। সাম্প্রতিক সময়ে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য এই তরুণ ব্যাটসম্যানকে অনূর্ধ্ব-২৩ প্রাদেশিক শিবিরে ডাকা হয়েছিল।
সিবঘাতউল্লাহ: উরগুন অঞ্চলের একজন স্পিডস্টার ছিলেন সিবঘাতউল্লাহ। পাকতিকা প্রিমিয়ার লিগের গত আসরে একটি দলের অধিনায়কও ছিলেন তিনি।
হারুন: পাকতিকা অঞ্চলের একজন অলরাউন্ডার ছিলেন এই হারুন। স্থানীয় একটি কলেজে পড়াশোনা করার পাশাপাশি ক্রিকেটে মনোযোগী ছিলেন তিনি।
আরটিভি/এসআর




