
সম্প্রতি পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে চলমান উত্তেজনার প্রেক্ষিতে মুখ খুলেছেন পাকিস্তানের সাবেক তারকা অলরাউন্ডার শহীদ আফ্রিদি। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (পূর্বের টুইটার) এক পোস্টে আফ্রিদি আফগানিস্তানের বিরুদ্ধে প্রকাশ্য ক্ষোভ প্রকাশ করেন এবং অতীতে পাকিস্তান থেকে পাওয়া সহযোগিতার কথা স্মরণ করিয়ে দেন।
আফ্রিদি লিখেন, “পাকিস্তান সবসময় তার আফগান ভাইদের পাশে দাঁড়িয়েছে। চল্লিশ লাখ শরণার্থীকে আশ্রয় দেওয়া হয়েছে। আমি ব্যক্তিগতভাবে ৩৫০টি আফগান পরিবারের দেখভাল করি। কিন্তু দুঃখজনকভাবে, আফগানিস্তান আজ সেই সব উপকার ভুলে সীমান্তে প্রকাশ্য আগ্রাসন চালিয়েছে।”
তিনি আফগানিস্তানকে সতর্ক করে বলেন, এমন কোনো দেশের হাতিয়ার হয়ে ওঠা উচিত নয় যারা পাকিস্তানে সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে। ঘটনার সূত্রপাত ৯ অক্টোবর, কাবুলে দুটি বিস্ফোরণের মধ্য দিয়ে। এরপর পাকতিয়া প্রদেশেও এক বিস্ফোরণ ঘটে। আফগানিস্তান অভিযোগ তোলে এই হামলার পেছনে পাকিস্তানের হাত রয়েছে এবং তাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করা হয়েছে।
জবাবে ১১ অক্টোবর রাতে আফগান সেনারা পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় পাল্টা হামলা চালায়। এরপর পাকিস্তানও জবাব দেয়। উভয়পক্ষের পাল্টাপাল্টি হামলায় দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছে।
এই সংঘাতের জেরে আফগানিস্তান ও পাকিস্তান ১৫ অক্টোবর থেকে ৪৮ ঘণ্টার অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়। তবে এরই মধ্যে, সংঘাতে তিনজন আফগান ক্রিকেটার নিহত হওয়ায় আফগানিস্তান ঘোষণা দিয়েছে, তারা আগামী ১৭ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া পাকিস্তান, আফগানিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার ত্রিদেশীয় টি-২০ সিরিজ বর্জন করবে।
আন্তর্জাতিক মহলে দুই দেশের মধ্যে এই উত্তেজনা নিয়ে উদ্বেগ বাড়ছে। শহীদ আফ্রিদির মন্তব্য সেই উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
আরটিভি/এসকে




