
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ দল। যেখানে ঘরের মাঠ ও কন্ডিশনের সুবিধা কাজে লাগিয়ে জয় তুলে নিয়েছে টাইগাররা। এ রকম একপাক্ষিক সুবিধা নেওয়া নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। কিন্তু বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল মতে, ক্রিকেটারদের আত্মবিশ্বাস ফিরে পেতে এমন উইকেট দরকার ছিল।
শনিবার (১৯ অক্টোবর) ম্যাচ শেষে আশরাফুল বলেন, আমরা যে পরিস্থিতিতে আছি, ঘরের মাঠের সুবিধা নিতেই হবে। র্যাঙ্কিংয়ে আমরা ১০ নম্বরে আছি। যদি বিশ্বকাপ খেলতে হয় আমাদের ৯ নম্বরে যেতে হবে। ফলে এই তিনটা ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য।
সেই সঙ্গে উইকেটে সমালোচনা না করে বাস্তবতা নিয়ে ভাবার অনুরোধ জানিয়েছেন আশরাফুল। তিনি বলেন, নিয়মিত মিরপুরে যার সঙ্গেই খেলি, আমরা ফেভারিট থাকি এই কন্ডিশন ও উইকেটের কারণে। আমরা যে ফ্ল্যাট, যথার্থ উইকেট আশা করি সেটা হয়তো এই সিরিজে হচ্ছে না। বিশ্বকাপ খেলতে বাকি দুটি ম্যাচও জিততে হবে। এ পরিস্থিতিতে উইকেট নিয়ে নেতিবাচক কথা না বলি।
২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে র্যাঙ্কিংয়ের নয়ে থাকতে হবে বাংলাদেশকে। বর্তমানে তাদের অবস্থান ১০। যদিও র্যাঙ্কিং বিবেচনায় নেওয়ার আগে বাংলাদেশের আরও ২০টির বেশি ম্যাচ বাকি। ক্যারিবীয়দের বিপক্ষে ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতলেই মেহেদী হাসান মিরাজের দল র্যাঙ্কিংয়ে একধাপ এগিয়ে যাবে।
এমন সমীকরণ নিয়ে নেমে গতকাল বাংলাদেশ ২০৭ রান তোলে। রিশাদ হোসেনের ঘূর্ণিতে (৬ উইকেট) ক্যারিবীয়রা গুটিয়ে যায় ১৩৩ রানে।
আশরাফুল মনে করেন, বাংলাদেশ দলের ভঙ্গুর আত্মবিশ্বাস ফেরাতে এমন উইকেটই দরকার ছিল।
তিনি বলেন, আমাদের দলের যে পরিস্থিতি, আত্মবিশ্বাস ফিরে পেতে এই ধরনের উইকেট দরকার ছিল। ভারতে তারা (ওয়েস্ট ইন্ডিজ) সবশেষ টেস্ট সিরিজে ওদের দুজন ব্যাটার সেঞ্চুরি করে এসেছে। যদি ফ্ল্যাট উইকেট দিতেন, অন্যরকম খেলা হতো।
আরটিভি/এসআর




