ভারতে চলমান নারী ওয়ানডে বিশ্বকাপে টিকে থাকার কঠিন সমীকরণের মুখে দাঁড়িয়ে আছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে দারুণ সূচনা করলেও এরপর টানা চার ম্যাচে হেরে বিপাকে পড়েছেন নিগার সুলতানারা। তবে এখনো সেমিফাইনালে খেলার আশা একেবারে শেষ হয়ে যায়নি।
লিগ পর্বে বাংলাদেশকে শেষ চারে উঠতে হলে নিজেদের বাকি দুই ম্যাচেই জিততে হবে এবং তাকিয়ে থাকতে হবে অন্যান্য ম্যাচের ফলাফলের দিকে।
এখন পর্যন্ত ৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া ও ১০ পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকা ইতোমধ্যেই সেমিফাইনাল নিশ্চিত করেছে। বাকি দুটি স্থান পেতে চলছে তীব্র লড়াই।

লিগ পর্বে বাংলাদেশের বাকি দুই প্রতিপক্ষ হলো শ্রীলঙ্কা ও ভারত। আগামী ২০ অক্টোবর মুম্বাইয়ে শ্রীলঙ্কা এবং ২৬ অক্টোবর বিশাখাপত্তমে ভারতের মুখোমুখি হবে টাইগ্রেসরা। এই দুই ম্যাচেই জয়ের কোনো বিকল্প নেই নিগার সুলতানাদের সামনে।
সমীকরণ অনুযায়ী, বাংলাদেশ যদি বাকি দুই ম্যাচে জয় পায়, তাহলে তাদের পয়েন্ট দাঁড়াবে ৬। এরপর যদি ইংল্যান্ড নিউজিল্যান্ডকে হারায় এবং নিউজিল্যান্ড ভারতকে পরাজিত করে, তাহলে বাংলাদেশ, ভারত ও নিউজিল্যান্ড এই তিন দলের পয়েন্টই হবে সমান ৬ করে।
সে ক্ষেত্রে সেমিফাইনালের টিকিট নির্ভর করবে নেট রান রেটের ওপর। বর্তমানে এই তিন দলের মধ্যে বাংলাদেশই সবচেয়ে পিছিয়ে আছে। তাই শুধু জিতলেই হবে না, বড় ব্যবধানে জিততে হবে শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে।
সব মিলিয়ে, নিগার সুলতানাদের সামনে এখন কঠিন কিন্তু অসম্ভব নয় এমন এক চ্যালেঞ্জ দুটি বড় জয় এনে দিয়ে ইতিহাস গড়ে প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নেওয়া।
নারীদের ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২ নভেম্বর।
আরটিভি/এসকে




