প্রায় দুই দশকের অপেক্ষার পর আন্তর্জাতিক ক্রিকেটের আনন্দ ফিরছে বগুড়ার মাঠে। ২০০৬ সালের পর শহীদ চান্দু স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেটের সবুজ গালিচায় দেখা যাবে যুব ক্রিকেটারদের খেলা। বাংলাদেশ-আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে বগুড়াতে।
বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সদস্য মমিনুর রশিদ শাইন জানান, ২৮ ও ৩১ অক্টোবর শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচ দুটি দর্শকরা ফ্রি তে দেখতে পারবেন। অর্থাৎ, টিকিট কাটার কোনো প্রয়োজন নেই; আগ্রহী দর্শকরা সরাসরি গ্যালারিতে বসে খেলা উপভোগ করতে পারবেন।
আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল ২০ অক্টোবর বগুড়ায় পৌঁছাবে। একদিন বিশ্রামের পর ২২ অক্টোবর থেকে দুই দলের যুব ক্রিকেটাররা শহীদ চান্দু স্টেডিয়ামে অনুশীলন শুরু করবে। স্টেডিয়ামে সর্বশেষ বড় আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল ২০০৬ সালে, যেখানে খেলেছিলেন মাহেলা জয়বর্ধনে, কুমার সাঙ্গাকারা ও চামিন্দা ভাসের মতো তারকা ক্রিকেটাররা।
বিসিবির নবনির্বাচিত পরিচালক মোখছেদুল কামাল বাবু বলেন, বগুড়ায় বিমানবন্দর থাকলে বিপিএলেরও কিছু ম্যাচ আয়োজন করা যেত। অনূর্ধ্ব-১৯ সিরিজ হলেও আমরা খুশি। ভবিষ্যতে মূল দলের ম্যাচও এখানে আয়োজন হবে বলে আশা করছি।
আরটিভি/এসকে




