
ফর্টিস এফসির বিপক্ষের ম্যাচ দিয়ে বাংলাদেশ ফুটবল লিগে অভিষেক হয়েছে কিউবা মিচেলের। এদিন ফর্টিসকে ২-১ গোলে হারিয়ে কিউবার অভিষেক রাঙিয়েছে বসুন্ধরা কিংস। চলতি মৌসুমে বসুন্ধরার প্রথম জয় এটি।
সোমবার (২০ অক্টোবর) বসুন্ধরা কিংস অ্যারেনায় দলের হয়ে একটি করে গোল করেন দরিয়েলতন গোমেজ নাসিমেন্তো ও ফয়সাল আহমেদ ফাহিম। ফর্টিসের হয়ে একমাত্র গোলটি করেন অনিকাচি ওকাফোর।
এদিন ম্যাচ শুরুর পর প্রথম আক্রমণে বসুন্ধরা কিংসকে লিড এনে দেন দরিয়েলতন। মাঝ মাঠ থেকে রাফায়েল আগুস্তরের কাছ থেকে লং বল পেয়ে হেডে গোলকিপার সুজান পেরেইরাকে বোকা বানান কিংসের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। লিগের প্রথম ম্যাচেও গোল করেছিলেন দরিয়েলতন।
১১ মিনিটে ফের গোলের দারুণ সুযোগ মিস করে ফর্টিস। গোলকিপার শ্রাবণের কাছে চন্দনের ব্যাকপাসে বক্সের বাম প্রান্তে বল পেয়ে যান ফর্টিসের সাজ্জাদ; তবে তাঁর ক্রসে অনেকটা ফাঁকা পোস্টে বল জড়াতে পারেননি পা ওমর বাবু।
২৯ মিনিটে রাকিব হোসেন উঠে গেলে বদলি হিসেবে নামেন মজিবর রহমান জনি। ৩৭ মিনিটে পা ওমর বাবুর শট ফিস্ট করে ক্লিয়ার করেন শ্রাবণ। ৪৪ মিনিটে আরেকবার জমে উঠেছিল আগুস্ত-দরিয়েলতন রসায়ন।
বক্সের সামনে থেকে আগুস্তরের লং পাসে হেড নেন দরিয়েলতন; তবে অল্পের জন্য এই ফরোয়ার্ড খুঁজে পাননি জালের দেখা। বল বেরিয়ে যায় বক্সের ডান পাশ ঘেঁষে।
বিরতির পর লিড বাড়িয়ে নেওয়ার সুযোগ আসে বসুন্ধরা কিংসের সামনে। ৫১ মিনিটে তপুর কাছ থেকে পাওয়া দারুণ পাসে বলের নিয়ন্ত্রণ নিতে পারেননি দরিয়েলতন। পরের মিনিটে নিশ্চিত গোল ঠেকিয়ে দেন ফর্টিস গোলকিপার; আগুস্তরের কাছ থেকে বল পেয়ে বা প্রান্ত দিয়ে একজনকে কাটিয়ে বক্সে ঢুকে ক্রস দেন ফাহিম।
গোলমুখের সামনে দরিয়েলতনের টোকা ফিরিয়ে দেন সুজান পেরেইরা। ৬০ মিনিটে ফাহিমের গোলে লিড দ্বিগুণ করে বসুন্ধরা কিংস। আক্রমণের শুরুটা করেন তাজ উদ্দিন। ডান কর্নারের কাছ দিয়ে বক্সে ঢুকে পড়েন জনি। ফর্টিসের বোরহান ও মিঠুকে কাটিয়ে ক্রস দিলে বলে হালকা টাচে মঞ্জুরুর ও নয়নকে বোকা বানান দরিয়েলতন।
এরপর অনেকটা আনমার্ক থাকা ফাহিম ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন। ৭১ মিনিটে জোড়া বদলি, ইমানুয়েল সানডের সঙ্গে মাঠে নামেন কিউবা মিচেল। সেই সঙ্গে বাংলাদেশ ফুটবল লিগেও অভিষেক হয় ইংল্যান্ড প্রবাসী ফুটবলারের।

কিংসের জার্সিতে অবশ্য এএফসি চ্যালেঞ্জ লিগেই অভিষেক হয়েছিল কিউবার। আর অভিষেক ম্যাচে গোলও পেতে পারতেন শুরুতেই। ৭৯ মিনিটে দরিয়েলতনের বাড়ানো বলে বক্সের একটু সামনে থেকে গোলে সরাসরি শট নেন কিউবা, তবে কর্নারের বিনিময়ে ক্লিয়ার করেন ফর্টিস গোলকিপার।
ম্যাচের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ওকাফোর এক গোল পরিশোধ করলেও হার এড়াতে পারেনি ফর্টিস। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জিতে মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস।
এই জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে উঠে এল পাঁচবারের লিগ চ্যাম্পিয়নরা। সমান পয়েন্ট নিয়ে শীর্ষে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। তালিকার তিন ও চারে থাকা পিডব্লিউডি এবং বাংলাদেশ পুলিশ এফসিরও পয়েন্ট সমান চার করে। পাঁচে থাকা ব্রাদার্স ইউনিয়নের পয়েন্ট ৩।
আরটিভি/এসআর




