
গোল করার জন্যই যেন জন্মেছেন আর্লিং হালান্ড! ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান এই স্ট্রাইকারের গোলবন্যা যেন থামছেই না। চ্যাম্পিয়নস লিগের রাতে আবারও নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে গোল করে নতুন এক ইতিহাসের দোরগোড়ায় পৌঁছে গেছেন তিনি।
ভিয়ারিয়ালের বিপক্ষে ২-০ গোলের জয়ে ম্যাচের প্রথম গোলটি আসে হলান্ডের পা থেকে। আর সেই এক গোলেই যোগ হলো বিস্ময়কর এক রেকর্ড টানা ১২ ম্যাচে গোল (ক্লাব ও জাতীয় দল মিলিয়ে)। চলতি মৌসুমে এখন পর্যন্ত ১১ ম্যাচে তার গোলসংখ্যা ১৫টি!
শুধু তাই নয়, ইউরোপের সর্বোচ্চ আসর চ্যাম্পিয়নস লিগেও হলান্ডের পারফরম্যান্স চোখ ধাঁধানো। মাত্র ৫১ ম্যাচে করেছেন ৫৩ গোল! এই প্রতিযোগিতায় ইতিহাসের মাত্র আটজন খেলোয়াড়ই তার চেয়ে বেশি গোল করেছেন।
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো বয়স হালান্ডের বয়স এখনো ২৬ হয়নি। আগামী গ্রীষ্মেই তিনি সেই মাইলফলকে পৌঁছাবেন। তুলনায় লিওনেল মেসির বয়স যখন ২৬, তখন তার গোলসংখ্যা ছিল ৫৯টি। অর্থাৎ, পুরো ২০২৫/২৬ মৌসুমটাই সামনে রয়েছে এই নরওয়েজিয়ান গোলমেশিনের জন্য।
ফুটবলবিশ্বে এখন একটাই প্রশ্ন হালান্ড কি পারবে মেসি–রোনালদোর রেকর্ডের রাজত্বে নতুন অধ্যায় লিখতে?
আরটিভি/এসকে




