
মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামের উইকেট মানেই স্পিন স্বর্গ। এখানকার ধীর ও টার্নিং পিচে সাধারণত রান তুলতে হিমশিম খেতে হয় ব্যাটারদের। তবে সেই ‘কালো মাটি’র মিরপুরেই বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রীতিমতো ঝড় তুললেন বাংলাদেশের দুই ওপেনার সৌম্য সরকার ও সাইফ হাসান।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ইনিংসের শুরু থেকেই দারুণ ব্যাটিং করে যান তারা। ইনিংসের ১৬তম ওভারেই শতরান স্পর্শ করে বাংলাদেশ, তা-ও কোনো উইকেট না হারিয়ে। দীর্ঘসময় পর ওয়ানডেতে এমন উড়ন্ত সূচনা পেল টাইগাররা।
বাংলাদেশের হয়ে সর্বশেষ উদ্বোধনী জুটিতে শতরান এসেছিল ২০২৩ সালের মার্চে, সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে। সেদিন তামিম ইকবাল ও লিটন দাস করেছিলেন ১০২ রানের অবিচ্ছিন্ন জুটি। প্রায় দেড় বছর পর আবারও ওপেনিং পার্টনারশিপে শতরান পেল বাংলাদেশ।
২৬তম ওভারে ভাঙে এই স্বপ্নের জুটি। রোস্টন চেজকে ছক্কা মারতে গিয়ে লং অনে জাস্টিন গ্রিভসের হাতে ধরা পড়েন সাইফ হাসান। ৭২ বলে ৬ ছক্কায় ৮০ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি।
এর আগে, সাইফ-সৌম্যের ব্যাটে আসে ১৭৬ রানের জুটি, যা ওয়ানডেতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ উদ্বোধনী জুটি। এর আগে ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে লিটন দাস ও তামিম ইকবাল করেছিলেন রেকর্ড ২৯২ রানের জুটি, যা এখনো বাংলাদেশের সর্বোচ্চ ওপেনিং পার্টনারশিপ।
এ ছাড়া সব দল মিলিয়ে মিরপুরের ইতিহাসে এই ১৭৬ রানের উদ্বোধনী জুটি হলো গত ১০ বছরে সর্বোচ্চ। সর্বশেষ ২০১৫ সালের ১১ নভেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে তামিম ইকবাল ও ইমরুল কায়েস করেছিলেন ১৪৭ রানের জুটি সেই রেকর্ডও ছাড়িয়ে গেলেন সাইফ ও সৌম্য।
মিরপুরের স্পিন সহায়ক উইকেটে এমন ব্যাটিং দাপট বাংলাদেশের ওপেনারদের আত্মবিশ্বাস নিঃসন্দেহে বাড়িয়ে দেবে।
আরটিভি/এসকে




