
ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে শ্লীলতাহানির শিকার হয়েছেন অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটার। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সেই সঙ্গে অপরাধীকে জেলে ভরে চাবি ফেলে দেওয়ার পরামর্শ দিয়েছেন দেশটির সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কার।
সম্প্রতি ইন্ডিয়া টুডে’কে দেওয়া এক সাক্ষাৎকারে গাভাস্কার বলেন, হ্যাঁ, আমরা অতিথি আপ্যায়নের জন্য বিখ্যাত। অতিথি হলেন ঈশ্বর। এমন কিছু শোনা খুবই দুঃখজনক। নিঃসন্দেহে এটি একটি জঘন্য কাজ।
তিনি বলেন, আইন তার নিজস্ব গতিতে চলবে, তবে আমি আশা করি দোষী ব্যক্তিকে কঠোর শাস্তি দেওয়া হবে। তাকে আটকে রাখো এবং চাবিটি ফেলে দাও। এটাই একমাত্র উপায়।
গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে, ইন্দোরে দলের হোটেল থেকে মাত্র আধা কিলোমিটার দূরে। মোটরসাইকেল আরোহী প্রথমে দুই খেলোয়াড়কে অনুসরণ করে, এরপর একজনকে অশালীনভাবে স্পর্শ করে দ্রুত পালিয়ে যায়। খেলোয়াড়রা সঙ্গে সঙ্গে তাদের নিরাপত্তা কর্মকর্তা ড্যানি সিমন্সকে বিষয়টি জানান। এরপর স্থানীয় নিরাপত্তা সংস্থার সহযোগিতায় তাদের নিরাপদে হোটেলে পৌঁছে দেওয়া হয়।
পুলিশ সিসিটিভি ফুটেজ, হোটেল রেকর্ড ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্যের ভিত্তিতে তদন্ত চালায়। এক প্রত্যক্ষদর্শী মোটরসাইকেলের নাম্বার প্লেটের তথ্য দিলে অভিযুক্তকে শনাক্ত করা সম্ভব হয়। এরপর অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আরটিভি/এসআর




