
ওয়ানডে দলের অধিনায়কত্ব হাতছাড়া হওয়ার পর টেস্ট দলের নেতৃত্ব থেকেও সরে দাঁড়িয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু এখনও টেস্ট দলের নতুন অধিনায়কের নাম ঘোষণা করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আয়ারল্যান্ড সিরিজের আগে নতুন অধিনায়কের নাম প্রকাশ করবে তারা। সম্প্রতি টেস্ট দলের অধিনায়কত্বের প্রস্তাব দেওয়া হলেও শান্ত তা ফিরিয়ে দিয়েছেন।
শনিবার (২৫ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ।
বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন সদ্য শেষ হওয়া সিরিজের তৃতীয় ওয়ানডে শেষে শান্তর সঙ্গে দীর্ঘ সময় কথা বলেন। আলোচনায় তিনি শান্তকে তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ জানান।
বিসিবির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ‘শান্ত এই মুহূর্তে নেতৃত্ব দিতে আগ্রহী নন এবং সে বিষয়টি আমাদের জানিয়েছেন।’
বিসিবি ইতোমধ্যেই টেস্ট দলের জন্য নতুন অধিনায়ক খুঁজছে। শান্ত নেতৃত্ব না নেওয়ায় বোর্ডের নজর এখন বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাসের দিকে। জানা গেছে, লিটনের সম্মতির অপেক্ষায় আছে বিসিবি।
আগামী ১১ নভেম্বর সিলেটে শুরু হতে যাওয়া আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়েই নতুন অধিনায়কের দায়িত্ব শুরু হতে পারে।
আরটিভি/এসআর




