
আগামী মাসে ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। আর এই সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে প্রোটিয়া ক্রিকেট বোর্ড। যেখানে চোট কাটিয়ে দক্ষিণ আফ্রিকার টেস্ট দলে ফিরেছেন টেম্বা বাভুমা।
গত মাসে ইংল্যান্ড সফরের তৃতীয় ওয়ানডেতে পায়ের পেশিতে চোট পাওয়ায় মাঠের বাইরে ছিটকে যান বাভুমা। যে কারণে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে পাকিস্তানের বিপক্ষে প্রোটিয়াদের প্রথম সিরিজেও খেলতে পারেননি।
পাকিস্তানের বিপক্ষে সবশেষ টেস্ট সিরিজের স্কোয়াড থেকে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং অর্ডারে পরিবর্তন এই একটিই। বাদ পড়েছেন মিডল অর্ডার ব্যাটার ডেভিড বেডিংহাম।
স্পিন বিভাগে দক্ষিণ আফ্রিকা ধরে রেখেছে তিনজন বিশেষজ্ঞ স্পিনারকে- কেশব মহারাজ, সাইমন হার্মার ও সেনুরান মুথুসামি। পাকিস্তান সিরিজে ভালো পারফর্ম করা এই ত্রয়ীর সঙ্গে জায়গা হয়নি অফ স্পিনার প্রেনেলান সুব্রায়েনের।
পেস বোলিং বিভাগে থাকছেন কাগিসো রাবাদা, কর্বিন বশ ও মার্কো ইয়ানসেন। চোটের জন্য পাকিস্তান সফর মিস করা লুঙ্গি এনগিডিও এই দলে নেই।
কলকাতায় আগামী ১৪ নভেম্বর শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি। দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে গুয়াহাটিতে, ২২ ডিসেম্বর থেকে। ভারত সফরে দক্ষিণ আফ্রিকা আরও খেলবে তিন ওয়ানডে ও পাঁচ টি-টোয়েন্টি ম্যাচ।
ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার টেস্ট স্কোয়াড
টেম্বা বাভুমা (অধিনায়ক), এইডেন মার্করাম, রায়ান রিকেল্টন, ট্রিস্টান স্টাবস, কাইল ভেরেইনা, দেওয়াল্ড ব্রেভিস, জুবায়ের হামজা, টনি ডি জর্জি, কর্বিন বশ, উইয়ান মুল্ডার, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, সেনুরান মুথুসামি, কাগিসো রাবাদা ও সাইমন হার্মার।
আরটিভি/এসআর




